হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সকালে এবং সোমবার মধ্যরাতে এক কেজি সোনা ও দুই কেজি গাঁজাসহ পাঁচ যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃত সোনা ও গাঁজার মূল্য যথাক্রমে ৫০ লাখ ও ১৫ লাখ টাকা।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি সোনাসহ চার যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দারা। এরা হলেন মালয়েশিয়া থেকে আসা ফজলুর রহমান, ফয়সাল ওমর, ইমরান হোসেন ও কাতার থেকে আসা বাদশা মিয়া। যাত্রীরা ১০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার ব্যাগে ও শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে নিয়ে আসেন।
এদিকে গতকাল সকাল সাড়ে আটটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি গাঁজাসহ কুয়েতগামী যাত্রী ইয়াসিন খানকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। দুটি প্যাকেটের মধ্যে গাঁজা নিয়ে তিনি কুয়েতে যাচ্ছিলেন।
এদিকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হয্রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ শাহ আলম ও ইবরাহিম নামক দুইজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
