২৪ জনের দলে জানুজাজ

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:৫১
আদনান জানুজাজ বেলজিয়ামের ২৪ জনের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। যদিও, গত মাসেই এই ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছার কথা জানান। মার্ক উইলমর্টের দলে প্রত্যাশা অনুযায়ী স্থান পেয়েছেন ইডেন হ্যাজার্ড, ভিনসেন্ট কোম্পানি, রোমেলো লুকাকুরাও। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ অভিষেকের পর থেকেই খেলাটির সর্বোচ্চ পর্যায়ে নিজের প্রতিভার জানান দিতে থাকেন জানুজাজ। তবে, বেলজিয়ামের জার্সি গায়ে আসন্ন বিশ্বকাপে তাকে দেখা যাবে কি-না, বিষয়টি নিশ্চিত ছিল না তখনও। কারণ, ১৯ বছর বয়সী এই তারকা বেলজিয়ামের হয়ে অংশ নেননি বাছাইপর্বেও। তবে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছার কথা জানানোর সাথে সাথেই উঠতি এই তারকাকে দলে জায়গা দিতে দেরি করেননি উইলমর্ট। এদিকে, ধারণা অনুযায়ীই বেলজিয়াম দলে প্রাধান্য ছিল ইংলিশ লিগের খেলোয়াড়দের। দলে জায়গা পাওয়া তারকাদের মধ্যে আছেন সদ্যই লিগ শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি এবং আর্সেনাল অধিনায়ক থমাস ভার্মেলেন। আছেন চেলসি থেকে ধারে অ্যাটলেটিকো মাদ্রিদ ও এভারটনে খেলা দুই তারকা গোলরক্ষক থিওবট কোর্তে ও স্ট্রাইকার লুকাকুও। টটেনহ্যাম হটস্পারের তিন খেলোয়াড় জন ভার্টেনোগান, মৌসা দেম্বেলি ও নাসের চাদলিও আছেন দলে। এছাড়াও আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ঝাঁকড়া চুলো উইঙ্গার মারুয়েন ফেলানিও।