আরও এক বছর চেলসিতে টেরি

আপডেট : ১৪ মে ২০১৪, ২২:১১
চেলসির সাথে আরো এক বছরের জন্য চুক্তিবৃদ্ধি করেছেন অধিনায়ক জন টেরি। প্রিমিয়ার লিগের ক্লাবটি তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে। চেলসির হয়ে ৩৩ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডার পাঁচশ’রও বেশি ম্যাচ খেলেছেন। মাত্র ১৪ বছর বয়সে ১৯৯১ সালে ব্লুজদের হয়ে নাম লিখিয়েছিলেন টেরি। তখন থেকে চেলসির হয়ে তিনি চ্যাম্পিয়নস লীগ, ইউরোপা লীগ, তিনটি প্রিমিয়ার লীগের শিরোপা এবং পাঁঁচটি এফএ কাপ ও দুটি লীগ কাপ জেতার কৃতিত্ব দেখিয়েছেন। ২০১২ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আগ পর্যন্ত টেরি ইংল্যান্ডের হয়ে ৭৮ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ব্লুজদের সাথে নতুনভাবে চুক্তিবদ্ধ হবার পরে অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেছেন, ‘চেলসির সাথে আরো একটি বছর থাকার সুযোগ পেয়ে আমি সত্যিই দারুণ আনন্দিত। ২০তম বছরের জন্য এখানে খেলার সুযোগ দেবার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এতগুলো বছর আমাকে সহযোগিতা করার জন্য ক্লাবের সমর্থক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে ম্যানেজার হোসে মরিনহোকে ধন্যবাদ জানাবো। কারণ তার জন্যই সদ্য শেষ হওয়া মৌসুমটাতে আমি নিজেকে মেলে ধরতে পেরেছি।’ চেলসির প্রধান নির্বাহী রন গোরলে বলেছেন, ‘আগামী মৌসুমেও জন চেলসিকে নেতৃত্ব দেবার সিদ্ধান্ত নেয়ায় আমরা দারুণ খুশী। নি:সন্দেহে সে চেলসির একজন কিংবদন্তি খেলোয়াড়। দীর্ঘদিন ধরে ক্লাবের প্রতি তার অবদান আমাদেরকে গৌরবান্বিত করেছে। তার অসাধারণ কৃতিত্ব আরেকটি বছর তাকে ক্লাবে ধরে রাখতে সহায়তা করেছে। আগামী মৌসুমের জন্য পরিকল্পনা ঠিক করার আগেই তার সাথে চুক্তিবৃদ্ধি আমাদেরকে দারুণ সহযোগিতা করবে।’-বাসস/এএফপি