রাজধানীর আদাবরে বুধবার পলাশ কবির নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে ছিনতাইকারীরা। তিনি মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। এদিকে, মগবাজারে বাবু নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তাদের দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশ কবিরের এক সহকর্মী সাংবাদিকদের জানান, খুচরা বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করা ৯০ হাজার টাকা নিয়ে অফিসে যাচ্ছিলেন পলাশ। দুপুরে আদাবরের ১০ নম্বর সড়কে তিন-চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে তার পিঠে ও বাম হাতে জখম হয়। পালানোর সময় বিপ্লব নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
এদিকে, গতকাল ভোর ৬টার দিকে মগবাজারে বাবু নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
আহত বাবুর এক বন্ধু জান?ান, বাসাবোর মাদারটেক চৌরাস্তা এলাকায় বাবুর একটি পানের দোকান রয়েছে। ভোরে তিনি কলা কেনার জন্য কাওরান বাজার যাচ্ছিলেন। মগবাজারে ইস্পাহানি স্কুলের কাছে কয়েকজন যুবক তার গতিরোধ করে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাবুর সঙ্গে থাকা কয়েক হাজার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। বাধা দিলে দুর্বৃত্তরা তার পিঠে, হাতে ও পায়ে কুপিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। তবে টাকার পরিমাণ নিশ্চিত করতে পারেননি তিনি।
