বিজ্ঞাপনী সংস্থায় চুরি

আপডেট : ১৪ মে ২০১৪, ২২:৩৮
বারিধারার ডিওএইচএস এলাকার একটি বিজ্ঞাপনী সংস্থার অফিসের গ্রিল কেটে নগদ ১১ লাখ টাকাসহ কম্পিউটার ও অফিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস চুরি করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতের যেকোন সময় পশ্চিম বারিধারার ২ নম্বর সড়কের ১৭৬ নম্বর বাড়ির দ্বিতীয়তলায় অবস্থিত মাস্টহেড পিআর নামক সংস্থায় এই চুরির ঘটনা ঘটে। সংস্থার ম্যানেজার এ কে এম ইলিয়াস ফিরোজ জানান, মঙ্গলবার তারা অফিস শেষে সবাই বাসায় ফিরে যান। এ সময় অফিসে শুধু অফিস সহকারী ছিল। পরে রাত আনুমানিক ১২টার পর অফিসের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে হিসাব শাখার লকআপ ভেঙ্গে ১১ লাখ টাকা, দু’টি ল্যাপটপ, এক নারী কর্মকর্তার দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং কম্পিউটারের দুটি হার্ডড্রাইভ নিয়ে যায়। সব মিলিয়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ১৩ লাখ টাকার মতো। তিনি আরো জানান, একই প্রতিষ্ঠানের আরো একটি অফিস রয়েছে এই ভবনের দ্বিতীয়তলার পাশের এ্যাপার্টমেন্টে। সেই অফিসেরও গ্রিল কাটা হয়েছে। তবে ওই অফিস থেকে কিছু নিতে পারেনি। ইলিয়াস ফিরোজ এই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় একটি মামলাও হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।