পিতৃভূমিতে বিশ্বকাপ খেলা হলোনা থিয়াগোর

আপডেট : ১৫ মে ২০১৪, ২২:২৬
চোটগ্রস্ত হাঁটুতে নতুন করে চোট লাগার ফলাফল স্বরূপ আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ব্রাজিল বিশ্বকাপে খেলা হচ্ছে না বায়ার্ন মিউনিখের স্প্যানিশ মিডফিল্ডার থিয়েগো আলকানতারার। একই সঙ্গে আগামীকাল বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে জার্মান লিগ কাপের ফাইনালেও দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই তারকার। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন্স বায়ার্নের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে এই তথ্য। হফেনহেইমের বিরুদ্ধে গত মার্চের শেষ দিকে একটি লিগ ম্যাচে হাঁটুতে চোট পান আলকানতারা। পেপ গার্দিওলার হাত ধরে বার্সেলোনা থেকে বায়ার্নে নাম লেখানো আলকানতারা সেই সময় থেকেই আছেন মাঠের বাইরে। তবে স্টুটগার্টের বিরুদ্ধে ম্যাচে বায়ার্নের অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় ছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল- রবিবার বরুশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই মাঠে প্রত্যাবর্তন হতে চলেছে ২৩ বছর বয়সী এই তারকার। সেই লক্ষ্যে অনুশীলনও শুরু করেছিলেন তিনি। সেসময়ই ঘটে বিপত্তি। গত সোমবারের অনুশীলনে নতুন করে চোট পান হাঁটুতে। ডান হাঁটুর ভেতরের দিকের লিগামেন্ট ছিড়ে যায় সাবেক এই বার্সেলোনা তারকার। পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল বায়ার্ন নিশ্চিত করে, এই চোট বিশ্বকাপ থেকে ছিটকে দিচ্ছে আলকানতারাকে। সপ্তাহখানেক আগে স্পেন জাতীয় দলের কোচ ভিসেন্তে দেল বস্কের প্রাথমিক বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া আলকানতারার এই দুঃসংবাদের কথা জানিয়ে বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমনিগে বলেন, ‘থিয়াগোর জন্য ব্যাপারটা খুবই কষ্টের। একটি তরুণ ছেলে যে কিনা চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছিল, একই সঙ্গে চেষ্টা করছিল পিতার দেশে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করার; হঠাত্ করেই দুটো স্বপ্নেরই অপমৃত্যু ঘটলো। সামনের দিনগুলোতে আমরা তার দিকে সতর্ক নজর রাখবো যেন ২০১৪-১৫ মৌসুমের শুরু থেকেই সে ফিট থাকতে পারে’। ব্রাজিলের সালভাদরে বি-গ্রুপে ১৩ জুন নেদারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। গতবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস ছাড়াও এই গ্রুপে আছে চিলি ও ওশেনিয়ান পাওয়ার হাউজ অস্ট্রেলিয়া। বিশ্ব কাপের জন্য মঙ্গলবার থিয়াগোসহ ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। এ মৌসুমের শুরুতেই প্রায় দুই কোটি বিশ লাখ পাউন্ডে বায়ার্নে যোগ দেয়া এই তারকা এর আগে চোটের কারণে খেলতে পারেননি ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপও। -ওয়েবসাইট