যদিও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) শুরু থেকেই বলে আসছে, তাদের কোনো আন্তর্জাতিক ম্যাচ বা খেলোয়াড় ফিক্সিংয়ের জন্য তদন্তের মুখোমুখি হচ্ছে না; কিন্তু দ্য টেলিগ্রাফ পত্রিকা খবর প্রকাশ করেছে যে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং কান্ডে সন্দেহে আসা নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ট আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটকে (আকসু) বিশ্বজুড়ে চলমান ফিক্সিং নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য জানিয়েছেন। ভিনসেন্টের দেয়া তথ্য অনুযায়ী কাউন্টি, বিপিএল থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট; সব জায়গাতেই স্পট ফিক্সিং চলছে। আর এর সঙ্গে কমপক্ষে পাঁচটি আন্তর্জাতিক দল জড়িত।
গত ডিসেম্বরে ভিনসেন্ট নিজেই নিশ্চিত করেন যে, বিপিএলে বুকিদের সঙ্গে যোগাযোগ তৈরির দায়ে তাকে আকসু জিজ্ঞাসাবাদ করছে। তারপর থেকে তিনি আইসিসির এই ইউনিটকে একান্তভাবে সাহায্য করে যাচ্ছেন। আর টেলিগ্রাফের খবর হলো, এই সাহায্যের অংশ হিসেবে ফিক্সিং নিয়ে নিজের অভিজ্ঞতা জানাচ্ছেন তিনি। কাউন্টি দল সাসেক্স ও ল্যাঙ্কাশায়ারে থাকার সময় এবং নিউজিল্যান্ডের হয়ে খেলার সময় তার বাজিকরদের নিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। যাকে টেলিগ্রাফ বলছে, মহাবিস্তৃত এক ফিক্সিং কান্ড।
তবে এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘আমরা এ ব্যাপারে খুব বেশি মন্তব্য করতে পারি না। তবে এটুকু নিশ্চিত করতে পারি যে, নিউজিল্যান্ডের কোনো আন্তর্জাতিক ম্যাচ নিয়ে তদন্ত চলছে না। নিউজিল্যান্ডের কোনো আন্তর্জাতিক ক্রিকেটার নিয়ে তদন্ত চলছে না।’
