বার্সেলোনার ভক্ত স্কলারি!

আপডেট : ১৫ মে ২০১৪, ২২:২৭
ব্রাজিল জাতীয় দলের কোচ লুইস ফেলিপে স্কলারি চান শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনাই এবার লা লিগার শিরোপা জিতুক! স্কলারি কবে থেকে বার্সেলোনার এমন সমর্থক হলেন সেই প্রশ্ন উঠতেই পারে। তবে, আসল ব্যাপারটা লুকিয়ে আছে নেইমারের মধ্যে। ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জেতার অভিযাত্রায় মূল সেনাপতি হিসাবে মানা হচ্ছে নেইমারকে। আর নেইমার যদি বার্সেলোনার হয়ে তার প্রথম মৌসুমে লা লিগা শিরোপা জিততে পারেন, সেটা বিশ্বকাপে আরো আত্মবিশ্বাসী করে তুলবে এই স্ট্রাইকারকে। লিগ শিরোপা নির্ধারণী ম্যাচে স্কলারি নেইমারকে না খেলাতে বার্সেলোনার প্রতি অনুরোধ করেছেন গণমাধ্যমের এমন সংবাদকে নিতান্ত গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্কলারি। লা লিগার শিরোপা ধরে রাখতে নিজেদের শেষ ম্যাচে অ্যাটলেটিকোকে হারাতেই হবে বার্সেলোনার। তাই বার্সা কোচ জেরার্ডো মার্টিনো হয়তো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা নেইমারকে ঐ ম্যাচে খেলানোর ঝুঁকি নিতে পারেন। নিজের সেরা অস্ত্রকে বিপদের মুখে ফেলতে নারাজ স্কলারি তাই বার্সেলোনাকে অনুরোধ করেছেন আগামীকালের ঐ ম্যাচে নেইমারকে না খেলাতে; গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর মূল কথাটি ছিল এটাই। তবে ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বকাপ জেতানো স্কলারি জানান, এমন সংবাদের কোন ভিত্তিই নেই, ‘সে খেলুক সেটাই শুধু নয়, আমি চাই বার্সেলোনা চ্যাম্পিয়ন হোক। কারণ, লিগ জিতলে সে মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবে। একই সঙ্গে ব্যাপারটা তার আত্মবিশ্বাসও অনেক বাড়িয়ে দেবে। ব্রাজিল দলকে সেটা দারুণ সাহায্য করবে সন্দেহ নেই।’ পায়ের চোটে পড়ে গত প্রায় এক মাস ধরেই বার্সেলোনার হয়ে মাঠে নামতে না পারা নেইমারের সুস্থতা ব্রাজিল দলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ জানিয়ে ৬৫ বছর বয়সী এই কোচ আরো বলেন, ‘সে এই ম্যাচ খেলতে পারবে তার মানে, সে আমাদের দলে আরো বেশি ম্যাচ ফিটনেস নিয়ে ফিরতে পারবে।’ এদিকে, নেইমারকে না খেলানোর জন্য বার্সেলোনাকে কোন ধরনের অনুরোধ করা হয়নি বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন্সও। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে তারা জানায়, ‘এমন ধারণা টেকনিক্যাল কমিটির সদস্য এবং কোচ লুইস ফেলিপে স্কলারির ধারণার সম্পূর্ণ পরিপন্থি। এটা একেবারেই ভুল ধারণা।’