টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল দলে জায়গা না পাওয়ায় হতাশ ম্যানচেস্টার সিটির ফরাসি মিডফিল্ডার সামির নাসরি এখন তার আন্তর্জাতিক ক্যারিয়ার বিবেচনার ইঙ্গিত দিয়েছেন।
নাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির হয়ে এবারের মৌসুমে দারুণ ফর্মে ছিলেন। তারপরও কোচ দিদিয়ের দেশ্যামের বিবেচনায় তার বিশ্বকাপ দলে আসতে না পারা অনেককেই অবাক করেছে। কোচের এই সিদ্ধান্তকে অবশ্য সম্মান জানিয়েছেন, ২৬ বছর বয়সী নাসরি। তারপরও খানিকটা হতাশা থেকেই এখন তিনি নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার বিবেচনা করার কথা বলছেন।
প্রিমিয়ার লিগে এবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি বর্তমানে তাদের শিরোপা উদযাপনের অংশ হিসেবে আবুধাবিতে রয়েছেন। সেখানেই স্থানীয় স্কাই স্পোর্টস নিউজে নাসরি বলেছেন, ‘বিষয়টা গ্রহণ করা কিছুটা কঠিন। আমাকে এখন ভবিষ্যত্ সম্পর্কে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিতে হবে। কারণ এই নিয়ে দু’বার তারা আমাকে বিশ্বকাপ দলের বাইরে রেখেছে। ২০১০ সালেও একইভাবে আমাকে বাদ দিয়েছিলেন কোচ রেমন্ড দমিনিখ। অবকাশকালীন সময়ে আমি এই বিষয়টা ভেবে দেখবো, আদৌ আমার আর জাতীয় দলে থাকা সম্ভব কি-না। কারণ দুটি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা একজন খেলোয়াড়ের জন্য অনেক কঠিন। ২০১৪ সালের বিশ্বকাপের প্লে¬ অফে ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি ছিল জাতীয় দলের জার্সি গায়ে নাসরির সর্বশেষ অংশগ্রহণ। নভেম্বরে প্রথম লেগের খেলাটিতে ফ্রান্স ২-০ গোলে পরাজিত হয়েছিল। দেশ্যামের সিদ্ধান্ত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ৪১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নাসরি বলেন, ‘আমি তার পছন্দকে শ্রদ্ধা করি, এটা আমার কাছে কোোন বিস্ময় সৃষ্টি করেনি। তিনি যদি মনে করেন, আমার আচরণ খারাপ তবে সেটা তার ব্যাপার। আমি আমার দল ম্যানচেস্টার সিটির জন্য খেলি এবং সেখানে আমার কোনো সমস্যা নেই।’ মার্সেইর মাধ্যমে ক্যারিয়ার শুরু করা নাসরি আর্সেনালে তিন বছর কাটিয়ে সিটিতে যোগ দিয়েছিলেন। বাসস/এএফপি
