বাড়ি ভাড়া ব্যাংকে পরিশোধের প্রস্তাব

আপডেট : ১৫ মে ২০১৪, ২২:৩৮
আগামী বাজেটে কয়েকটি ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স কমানোর প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। একই সঙ্গে বাড়তি কর আদায়ে নানামুখী প্রস্তাব থাকছে বাজেটে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বাড়ি ভাড়া ব্যাংকের মাধ্যমে পরিশোধের প্রস্তাব। বুধবার রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বাজেট বিষয়ে দীর্ঘ সময় রুদ্ধদ্বার বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠক শেষে কর্পোরেট কর কমানো হবে কি না - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সরাসরি কিছু না বলে তিনি বলেন, কর্পোরেট করের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বৈঠক শেষে এনবিআর সূত্র জানায়, বিনিয়োগ উত্সাহিত করতে মোবাইল ফোন অপারেটরদের কর্পোরেট কর বিদ্যমান ৪৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৪২ শতাংশ করার জন্য প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে সেক্ষেত্রে কর্পোরেট কর হবে ৪০ শতাংশ। তবে সিগারেটের ক্ষতিকারক দিক বিবেচনায় এসব কোম্পানির কর্পোরেট কর ৪৫ শতাংশ বহাল থাকছে। এছাড়া পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে এ খাতে বিনিয়োগে লভ্যাংশের উপর ১০ শতাংশ হারে উেস কর কর্তনকে চূড়ান্ত করদায় হিসেবে ঘোষণার প্রস্তাবও থাকছে। অন্যদিকে ব্যক্তির করমুক্ত আয়সীমা ২ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ব্যক্তির করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকা। এদিকে একইদিন অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর এক আলোচনায় দেশের শীর্ষ অর্থনীতিবিদরাও কর্পোরেট কর কমানোর বিষয়ে নানা যুক্তি তুলে ধরেন। তবে সমপ্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পক্ষ থেকে বাজেট প্রস্তাবে কর্পোরেট ট্যাক্স না কমানোর পক্ষে যুক্তি তুলে ধরা হয়।