আটলান্টিকের অপর পারে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে এখনো পর্যন্ত ইউরোপীয় কোন দেশই শিরোপা জয় করতে পারেনি। আসন্ন বিশ্বকাপেও একই ধরা বজায় থাকবে বলেই মনে করছেন সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। শিরোপা জয়ের ক্ষেত্রে তাই ব্রাজিলকেই এগিয়ে রাখছেন তিনি। যারা ষষ্ঠ শিরোপা জয়ের পাশাপাশি প্রথমবারের মত স্বদেশের মাটিতে শিরোপা জয় করবে বলে আশা করছেন।
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ক্লাবের হয়ে তিনি এখন বাণিজ্যিক কাজ নিয়ে চষে বেড়াচ্ছেন বিশ্বব্যাপী। ক্লাবটি ভারতে একটি একাডেমি খোলার প্রস্তুতি নিচ্ছেন। সেই লক্ষ্যে ভারত সফরকারী এই ফুটবল তারকা গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, ‘ব্রাজিলের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে ইউরোপের বেশিরভাগ ভাল দলকেই বেগ পেতে হবে। আবহাওয়া ছাড়াও অনেক ছোটখাট সমস্যার মধ্যে সেখানে তাদের পড়তে হবে। আর আমার দৃষ্টিতে এবারের শিরোপা জয়ের জন্য স্বাগতিক ব্রাজিলই ফেভারিট।’
অবশ্য এবারের বিশ্বকাপ আসরে খেলার সুযোগ পাচ্ছেন না ইব্রাহিমোভিচ। কারণ তার দেশ সুইডেন গত বছর বিশ্বকাপের প্লে অফ ম্যাচে হেরে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগালের কাছে। ফলে ব্রাজিলের টিকিট পেতে ব্যর্থ হয় তারা। মূল পর্বের জন্য অনুষ্ঠিত ওই ম্যাচটি তাদের জন্য বেশ কঠিন ছিল বলে মনে করেন বিশ্বসেরা এই স্ট্রাইকার।
তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলতে না পারাটা অত্যন্ত কষ্টের। আমরা সব সময় সেখানে খেলতে চেয়েছি। আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। তবে সফল হতে পারিনি। আমরা জয়ের জন্য সব প্রচেষ্টাই চালিয়েছি। কঠোর অনুশীলন করেছি। ধাপে ধাপে শক্তি সঞ্চার করেছি।’
বিশ্বকাপে দল না থাকায় ইব্রাহিমোভিচের ব্রাজিল যাবার প্রয়োজনীয়তা নেই বিধায় এখন ক্লাবের হয়ে সফরে বেরিয়েছেন। তবে তার এই সফরে সঙ্গী হিসেবে রয়েছেন ব্রাজিলের সাবেক গ্রেটরাও। যাদের মধ্যে রয়েছেন রোনালদো, বেবেতো ও রাইয়ের মত ফুটবল তারকারা।
ইব্রাহিমোভিচ বলেন, আমার সঙ্গে যারা এই মিশনে সঙ্গী হয়েছেন আমি তাদের ধন্যবাদ দিতে চাই। এটি আমার জন্য একটি বড় সম্মান। আগামীতে তার এই ক্যাম্পেইনে বিশ্বনন্দিত তারকা লিওেনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোও যোগ দেবেন বলে জানান ইব্রা। তবে সবকিছু নির্ভর করছে ইভেন্টটির সফলতার ওপর।
এবারের বিশ্বকাপে ব্যক্তিগত পারফর্মেন্সের শীর্ষে কারা থাকবেন এমন এক প্রশ্নের জবাবে ইব্রা বলেন, তালিকায় মেসি ও রোনালদো অবশ্যই থাকবেন। তবে এটি নির্ভর করছে ব্রাজিল বিশ্বকাপটি সেরা টুর্নামেন্টে পরিণত হচ্ছে কিনা সেটার ওপর।’
ভারতে আয়োজিত প্রকল্প প্রসঙ্গে ইব্রা বলেন, ‘আমি মনে করি গোটা প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। একজন বা দুইজন ব্যক্তি দিয়ে এটিকে এগিয়ে নেয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এটি সবে মাত্র শুরু হচ্ছে। কখন শেষ হবে জানি না। তবে এটুকু বলতে পারি এর মাধ্যমে একদিন সবার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে।’ বাসস
