এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব সমাপ্ত
তরুণদের মুখে যুক্তির শাণিত উচ্চারণ, চোখে ছিল দীপ্তময় উচ্ছ্বাস। শত শত ছেলে-মেয়ে এক হয়ে মেতেছিল যুক্তির উত্সবে। সদ্য কৈশোর পেরুনো ছেলে-মেয়েদের মুখে যুক্তিময় উপস্থাপনা এবং বিপক্ষের যুক্তি খণ্ডন করে ফলাফল মেনে নেয়ার যে শালীন অভিব্যক্তি তা উপস্থিত দর্শকদের হূদয়ে শান্তির স্পর্শ বোলালো। বাংলাদেশে পরমতসহিষ্ণুতার যে অভাব চারপাশে দেখা যাচ্ছে আমাদের ভবিষ্যত্ প্রজন্ম তার বিপরীতে দাঁড়িয়ে নতুন পথেরই সন্ধান দিল যেন।
বিতর্কভিত্তিক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর আয়োজনে “চুরি যাওয়া কৈশোরে, ফিরবেই, যুক্তির তুমুল যৌবন” শ্লোগানে গত শুক্র ও শনিবার বাংলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘৮ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব- ২০১৪’।
দু’দিনব্যাপি তারুণ্যের এই উত্সবে সারাদেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২ হাজার শিক্ষক, শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটররা উপস্থিত ছিলেন। উত্সবে বাংলাদেশে বিতর্ক শিল্পে অবদানের জন্য বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও জনতা ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে এনডিএফ বিডি আজীবন সম্মাননা প্রদান করা হয়।
শনিবার বিকালে দু’দিনের এই বিতর্ক প্রতিযোগিতার ছিল সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামান, সম্মানিত অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান একরাম হোসেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী, ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী, ফার্স্ট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর চেয়ারম্যান একেএম শোয়েব।
প্রফেসর এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, তরুণদের নিয়ে এ ধরনের বিতর্ক আয়োজন সকলের মাঝে যুক্তি ও শৃংখলার প্রবণতা বাড়াবে। আমরা অন্যের কথা শুনতে উত্সাহিত বোধ করবো।
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন তরুণ বিতার্কিকদের উদ্দেশে বলেন, সুনাগরিক হও আর পরিবারের কাছ থেকে শেখো। পরিবার হচ্ছে সবচেয়ে বড় শিক্ষার স্থান, নিজেকে তৈরি করার ক্ষেত্র। আর এই তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পিতা-মাতার দায়িত্ব সবচেয়ে বেশি।
এর আগে শুক্রবার সকালে এ বিতর্ক উত্সব শুরু হয় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উত্সবের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক, দি ডেইলি স্টার, চ্যানেল আই, বাংলানিউজ২৪.কম ও রেডিও ফূর্তি।
পুরস্কার পেলো যারা
উত্সবে ইংলিশ পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করে যথাক্রমে এনাম মেডিক্যাল কলেজের মালদ্বীপ থেকে আসা শিক্ষার্থী জিয়াউল, রাজশাহী মেডিক্যাল কলেজের শাকিলা আকতার, ফাউন্ডেশন স্কুলের সিনাত-ই-আফরোজা, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মেডিক্যাল কলেজের মো: তাসমিউল হাসান ও মোহাম্মদ প্রিপারেটরি স্কুল এ্যান্ড কলেজের তাসনুবা আহসান।
উত্সবে ঢাকার ভেতরে সেরা স্কুল হিসেবে পুরস্কার পায় শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, সেরা কলেজ হিসেবে ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সেরা মেডিক্যাল কলেজ হিসেবে পপুলার মেডিক্যাল কলেজ, সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটি।
সেরা মাদ্রাসা হিসেবে জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা এবং ঢাকার বাইরে সেরা স্কুল হিসেবে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সেরা কলেজ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সেরা মেডিক্যাল কলেজ হিসেবে এনাম মেডিক্যাল কলেজ এবং সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পুরস্কার পায় কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি।
