শতভাগ ও শূন্য পাসে শীর্ষে মাদ্রাসা

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:০১
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস ও শতভাগ ফেল, দুই তালিকাতেই শীর্ষে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আটটি সাধারণসহ দশটি বোর্ডের ৬ হাজার ২১০টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ২৪টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। পাসের হার শূন্য। ফলাফল বিশ্লেষণে জানা যায়, মাদ্রাসা বোর্ডের অধীন ২ হাজার ৬৭০টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। সাধারণ বোর্ডগুলোর মধ্যে শতভাগ পাসের তালিকায় শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডের ১ হাজার ৫৫টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। ঢাকা বোর্ডের ৭০৫, দিনাজপুর বোর্ডেও ৬৬১, যশোর বোর্ডের ৩৮৫, বরিশাল বোর্ডের ২০৮, কুমিল্লা বোর্ডের ১৬৭, চট্টগ্রাম বোর্ডের ৯১, সিলেট বোর্ডের ৬৭ প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। এদিকে শতভাগ শিক্ষার্থী ফেল করা ২৪ প্রতিষ্ঠানের মধ্যে ২১টিই মাদ্রাসা বোর্ডের। এছাড়া ঢাকা, বরিশাল ও দিনাজপুর বোর্ডে একটি করে প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।