আবার আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৪১
তিন বছর বন্ধ থাকার পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হচ্ছে আবার আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। ওয়ালটন রেফ্রিজারেটর বিশ্ববিদ্যালয় টি-২০ চ্যালেঞ্জ কাপ নামে আগামীকাল শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বললেন, এবার টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটা আবারও চালু করায় ভূমিকা রাখা। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি দল। পাঁচদিন ব্যাপী এই টুর্নামেন্টে ১০টি পাবলিক ও ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। ‘এ’ গ্রুপে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব লিভারেল আর্টস আছে। ‘বি’ গ্রুপে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ‘সি’ গ্রুপে খেলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ‘ডি’ গ্রুপে খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি সেমিফাইনালে চলে যাবে। আর ২২ মে ফাইনাল অনুষ্ঠিত হবে। ১৯ থেকে ২৩ মে বিকেএসপির ১, ২ ও ৩ নম্বর মাঠে খেলা অনুষ্ঠিত হবে।