‘আর্জেন্টিনা ফেবারিট’

আপডেট : ১৮ মে ২০১৪, ২২:১৬
ব্রাজিলে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ শিরোপা জয়ের ক্ষেত্রে আর্জেন্টিনাকে ফেবারিট মনে করছেন ফ্রান্সের সাবেক আন্তর্জাতিক তারকা ফুটবলার মার্সেল দেশাইলি। দেশাইলির মতে, স্বাগতিক ব্রাজিল, বেলজিয়াম ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারে এবং ইংল্যান্ডের কাছে কেউই খুব বেশি কিছু আশা করে না। ঘানায় জন্ম গ্রহণকারী ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী এবং মার্শেই ও এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা দেশাইলির ধারণা আইভরি কোস্ট বিস্ময়কর কিছু ঘটাতে পারে। পাশাপাশি আর্জেন্টিনার সার্জিও অ্যাগুয়েরো বিশ্বকাপের শীর্ষ গোলদাতা হতে পারেন। দেশাইলি লরাসডটকমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘লিওনেল মেসিকে সব ম্যাচে না খেলালেও শিরোপা জয়ের মত যথেষ্ট মেধাবী ফুটবলার আর্জেন্টিনার আছে।’ সাবেক ফ্রান্স খেলোয়াড়টি বলেন, ‘আমি নিশ্চিত মেসি তার সেরা ফর্মে থাকুক না-ই থাকুক সম্মিলিতভাবে আর্জেন্টিনা এ শিরোপা জয় করতে সক্ষম। সত্যিকারভাবেই আমি দেখছি- মেসিকে ছাড়াই আর্জেন্টিনা খেলছে, আপনারা দেখবেন মেসিই আর্জেন্টিনার একমাত্র প্রধান খেলোয়াড় নয়।’ দেশাইলি বলেন, ‘নতুন মেধাবী খেলোয়াড় বেরিয়ে আসায় শিরোপা অক্ষুণ্ন রাখার যোগ্যতা বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের আছে। কিন্তু প্রত্যাশার চাপে স্বাগতিক ব্রাজিল ভেঙ্গে পড়বে। ৪৫ বছর বয়সী দেশাইলি বলেন, ‘প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হবে, দলের মধ্যে সংশয় সৃষ্টি হবে। আমি নিশ্চিত দলগতভাবে বা সমন্বিতভাবে খেলাটা তাদের জন্য কঠিন হবে। এবারের বিশ্বকাপের জন্য ব্রাজিলকে অনেক সমস্যা মোকাবেলা করতে হবে।’ চেলসির সাবেক এ সেন্টারব্যাক ১৯৬৬ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের কোন ‘আশাই’ দেখছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইংল্যান্ড দলে এমন কোন খেলোয়াড় নেই যিনি এককভাবে পার্থক্য গড়তে পারে। অবশ্যই জনগণ ওয়েন রুনির কথা বলবে। কিন্তু আগের বিশ্বকাপে সে পারফর্ম করতে পারেনি।’ দেশাইলি আরো বলেন, ‘এটা নির্ভর করবে দলের সমন্বিত খেলা, ফিট থাকা তরুণ মেধাবী খেলোয়াড় এবং আপনার কোচদের চাতুর্যতার ওপর। অন্যথায় ইংল্যান্ড চূড়ান্ত পর্যায়ে যেতে পারবে না। বরং একক ক্ষমতাবলে ইংল্যান্ডের চেয়ে বেলজিয়ামের চূড়ান্ত পর্বে যাওয়ার বেশি সম্ভাবনা আছে।’ ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দিদিয়ার দেশ্যামই বর্তমানে ফ্রান্স দলের কোচের দায়িত্ব পালন করছেন। ফরাসি দলের সমস্যা প্রসঙ্গে দেশাইলি বলেন, ‘একমাত্র সমস্যা হচ্ছে সমন্বয়ের অভাব। ছিটকে পড়ার সম্ভাবনা সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত ফ্রান্স ভাল খেলে না। আমরা বিশ্বকাপ শিরোপা জয়ের আশা করছি না। আমরা কেবলমাত্র এখানে খেলছি একেকটা ম্যাচের পর আমরা সমষ্টিগতভাবে মোটিভেটেট হওয়ার আশা করছি।’ —বাসস