কোচ আর্সেন ওয়েঙ্গার আর্সেনালেই থাকতে চান। গত শনিবার লন্ডনের ওয়েম্বলী স্টেডিয়ামে হাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে এফএ কাপ জিতে নয় বছরের শিরোপা খরা কাটানোর পর এ কথা জানান আর্সেনাল কোচ। তিনি জয়টিকে গুরুত্বপূর্ণ বলেও মত দেন। কেননা ৬৪ বছর বয়সী আর্সেন মনে করেন, এর মধ্য দিয়ে গানার্সরা তাদের সামর্থের জানান দিয়েছে। তিনি বলেন, ‘এটা হলো যুগপদ হাফ ছেড়ে বাঁচা ও আনন্দিত হওয়ার ঘটনা। কারণ অবশ্যই আমরা এ ম্যাচটি জেতার জন্য কঠিন চাপে ছিলাম। হাল শক্তিমত্তা দেখিয়েই শুরু করেছিল এবং আমরা ছিলাম ইতস্তততার মধ্যে। এরপর আমরা দেখালাম ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও কিভাবে জবাব দিতে হয়। এ দলটার মধ্যে একটা বিশেষ ধরনের ঐক্যতান আছে। শেষ পর্যন্ত এটা ভালভাবেই শেষ করে। কাজেই এটা আনন্দের বড় একটা মুহূর্ত ছিল।’
চলতি মৌসুমের শেষেই ওয়েঙ্গারের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর্সেনালের। তাই ফাইনাল শেষে স্বাভাবিকভাবেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল- নতুন চুক্তিতে আবদ্ধ হচ্ছেন কিনা। জবাবে ইতিবাচক মনোভাবই পোষণ করেন ১৯৯৬ সাল থেকে গানার্সদের সাথে থাকা এই ফরাসি। ক্লাবের সাথে নতুন করে চুক্তিবদ্ধ হবার স্বাভাবিক পরিবেশ বর্তমানে দলে রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে ওয়েঙ্গার বলেছেন, ‘আমরা এখন একেবারেই স্বাভাবিক পরিবেশের মধ্যে রয়েছি। কখনোই দল ছেড়ে যাবার মত প্রশ্ন এখানে উঠেনি। বিষয়টা ছিল- ক্লাবের জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করা হচ্ছে কিনা।’
এফএ কাপের ফাইনালে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে দারুণ এক গোলে শিরোপার স্বাদ পায় আর্সেনাল। নিজেদের ক্লাব ক্যারিয়ারে প্রথম কোন বড় টুর্নামেন্টের ফাইনালে খেলতে আসা হাল সিটি আট মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়ে অঘটনের ইঙ্গিত দিচ্ছিল। সেন্টার ব্যাক জেমস চেষ্টার এবং কার্টিস ডেভিসের দুই গোল লন্ডনের ওয়েম্বলিতে আর্সেনালের সমর্থকদের হতাশ করলেও খেলোয়াড়রা হাল ছেড়ে দেয়নি।
দলের উপর পূর্ণ আস্থা রেখেই সমর্থকরাও শেষ পর্যন্ত সমর্থন যুগিয়ে গেছে। তার প্রতিদানও তারা পেয়েছে। ১৭ মিনিটে সান্টি কাজোরলার ফ্রি-কিক এবং খেলা শেষের ১৯ মিনিট আগে লরেন্ট কোসিলনি দ্বিতীয় গোল করলে সমতায় ফেরে। নির্ধারিত সময়ে ২-২ ব্যবধানের পর খেলাটি অতিরিক্ত সময়ে গড়ালে ১০৮তম মিনিটে ২৩ বছর বয়সী ওয়েলশম্যান অ্যারন রামসে দলকে দারুণ এক গোল উপহার দেন। তাতেই গানার্সদের শিরোপা জয় নিশ্চিত হয়। আর্সেনালের হয়ে সাড়ে ১৭ বছরের ক্যারিয়ারে ৬৪ বছর বয়সী ওয়েঙ্গার তিনবার প্রিমিয়ার লিগ এবং চারটি এফএ কাপ জিতেছেন; কিন্তু সর্বশেষটি হলো ২০০৫ সালে এফএ কাপ জয়ের পর আর্সেনালের প্রথম বড় কোন শিরোপা। -বাসস/এএফপি
