আর্জেন্টিনা স্ট্রাইকার সের্জিও অ্যাগুয়েরো বিশ্বাস করেন ব্রাজিলে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপে সুবিধা পাবে দক্ষিণ আমেরিকার দলগুলো। বিশ্বকাপটি শুরুর আগে আপাতত যে কটি দেশকে ফেবারিট ভাবা হচ্ছে তাদের অন্যতম হলো কোচ আলেসান্দ্রো সাবেলার আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে দেশটি সর্বশেষ ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল। তাছাড়া কাগজে কলমের হিসেবে অ্যাগুয়েরোর দেশের সুযোগ রয়েছে সহজে শেষ ষোলয় পৌছানোর। বিশ্বকাপে আর্জেন্টিনা ‘এফ’ গ্রুপে বসনিয়া হারজেগোভিনা, নাইজেরিয়া ও ইরানের বিরুদ্ধে খেলবে। ম্যানচেষ্টার সিটির স্ট্রাইকারটি মনে করেন ব্রাজিলের কন্ডিশন তার দলকে সুবিধা করে দেবে। তিনি ইউরোস্পোর্টকে বলেন,‘আমি মনে করি যেসব দেশ একই মহাদেশে খেলছে তারা একই সুবিধা পাবে। অবশ্যই এর মধ্যে বেশি সুবিধা পাবে ব্রাজিল। কারণ তারা নিজেদের দেশে খেলবে।’
