ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মভূষণ’ প্রাপ্তি উপলক্ষে এবার ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামানকে সংবর্ধনা দিলো ঢাকা ক্লাব। শনিবার রাতে ক্লাবের প্রধান লাউঞ্জে বর্ণাঢ্য আয়োজন, প্রশংসাসূচক বাণী, স্মারক ও ফুলের তোড়া উপহারের মধ্য দিয়ে এই গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ড. আনিসুজ্জামান বলেন, ‘আপনাদের শুভেচ্ছা মাথায় তুলে নিচ্ছি। এই সম্মাননা প্রাপ্তিতে শুরু থেকে এখন পর্যন্ত যারা খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন তাদের শুভেচ্ছা জানাই।’
ঢাকা ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। পদ্মভূষণ আনিসুজ্জামানকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি খায়রুল মজিদ মাহমুদ। পরে তিনি আনিসুজ্জামানের হাতে স্মারক তুলে দেন। এর আগে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের ফার্স্ট লেডি নাজনীন মাহমুদ। আনিসুজ্জামানের বর্ণাঢ্যময় জীবনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরে বক্তব্য রাখেন নাট্যজন আতাউর রহমান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আনিসুজ্জামানকে নিবেদিত করে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শামা রহমান। অনুষ্ঠানে ক্লাব সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।
