খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, পশ্চিমা বা প্রতিবেশী কোন বন্ধু দেশই বিএনপির কাজে আসবে না। বাংলাদেশের জনগণই প্রকৃত বন্ধু, তারাই কাজে আসবে। তবে তারা বিএনপির নয়, আওয়ামী লীগের বন্ধু। গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুজিব সেনা ঐক্যলীগ সংগঠন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি ও একশ্রেণির অতি উত্সাহী বুদ্ধিজীবীর কার্যকলাপে নারায়ণগঞ্জের সাত খুনের তদন্তের কাজ প্রভাবিত হচ্ছে। তবে এই তদন্ত কাজ বাধাগ্রস্ত হোক সরকার তা চায় না।
পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম তিস্তা চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, বাংলাদেশ এখন দুর্বল অবস্থানে নেই। যথেষ্ট সুদৃঢ় অবস্থানে রয়েছে। ভারতের সঙ্গে আমরা যখনই কোনো আলোচনা করব, সমমনা দেশ হিসেবে করব। উদীয়মান অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশকে ভারতের এখন প্রয়োজন। তিনি বলেন, তিস্তাসহ বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সব ইস্যু এই নতুন সরকার সমাধান করবে বলে আমরা বিশ্বাস করি।
সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
