রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের মাদক প্রতিরোধ টিম (দক্ষিণ)। শনিবার তাদের আটক করা হয়। আটককৃতরা হল আরমান, মান্নান, জাভেদ এবং রাজীব। এদিকে গত শনিবার হাতিরঝিলে গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রুহুল আমিন সাগর জানান, তারা দীর্ঘদিন যাত্রাবাড়ী এলাকায় গোপনে মাদক ব্যবসা করে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে অমিত শেখ নামে একজনকে গুলিসহ আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে তাকে আটক করে রামপুরা থানা পুলিশ।
রামপুরা থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিলের বাগিচার টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে ১০ রাউন্ড গুলি পাওয়া যায়। তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করা হয়েছে।
