আইনি সমস্যায় পড়তে যাচ্ছে ফিফা

আপডেট : ১৮ মে ২০১৪, ২২:৫৪
ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ ম্যাচ শুরুর সময় নিয়ে আইনি সমস্যায় পড়তে যাচ্ছে ফুটবলের বিশ্ব নির্বাহী সংস্থা ফিফা। ব্রাজিলের ফুটবল খেলোয়াড় সমিতি ফেনাপাফ আগামী ১২ জুন থেকে ১৩ জুলাই অনুষ্ঠেয় বিশ্ব কাপ ম্যাচ শুরুর সময়ের পরিবর্তন চেয়ে ফিফার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, শনিবার ফেনাপাফের দেয়া বিবৃতিতে বলা হয় এ ব্যপারে একটি আদেশ চেয়ে সোমবার সাওপাওলো আদালতে আবেদন জনানো হবে। ফিফা নির্ধারিত প্রতিটি ম্যাচ বেলা ১টায় শুরু হওয়ার কথা। তবে ফেনাপাফ টুর্নামেন্টে ২৪টি ম্যাচই বিকেল ৫টায় শুরু করার আবেদন জানাবে আদালতে। সংগঠনের সভাপতি রিনাল্ডো মার্তোরেলি এক বিবৃতিতে বলেন, ‘আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে উত্তর, উত্তর-পশ্চিম এবং কেন্দ্রীয়-পশ্চিম অঞ্চলের ম্যাচগুলো বেলা ১টা ও বিকেল ৩টায় শুরু করা হোক। কারণ এসকল অঞ্চলে খেলোয়াড়রা ক্ষতিগ্রস্থ হতে পারে।’ প্রতি অর্ধ-সময়ের মাঝামাঝি বাধ্যতা মুলক একটা পানি পানের বিরতিও চায় ফেনাপাফ। বাসস।