হাইটেক পার্কের প্রশিক্ষণ শুরু

আপডেট : ১৯ মে ২০১৪, ২০:২১
হাইটেক পার্কের তত্ত্বাবধানে পরিচালিত স্কিল এনহ্যান্সমেন্ট ট্রেনিংয়ের আওতায় ক্রিয়েটিভ আইটিতে শুরু হলো তথ্যপ্রযুক্তি-নির্ভর প্রশিক্ষণ কর্মশালা। সম্প্রতি এ কর্মশালার উদ্বোধন করেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। কয়েক হাজার প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে ২০০ জন স্নাতক কর্মশালায় অংশগ্রহণ করেন। এ সময় হোসনে আরা বেগম বলেন, ‘আমরা দেশের সর্বস্তরের মানুষের হিউম্যান ডেভেলপমেন্টের জন্য নানা উদ্যোগ হাতে নিয়েছি। এ জন্য ইতোমধ্যে আমরা কয়েক ধাপে প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করেছি।’ অনুষ্ঠানে স্কিল এনহ্যান্সম্যান্ট ট্রেনিংয়ের আওতায় গ্রাফিক্স ডিজাইন, অনলাইন মার্কেটিং এবং হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। এ ছাড়া ‘মিড লেভেল ট্রেনিং’ সমাপ্তকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় কালিয়াকৈর হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এএনএম শফিকুল ইসলাম ও ক্রিয়েটিভ আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন উপস্থিত ছিলেন।