আইনের যথাযথ প্রয়োগ না থাকায় ধূমপায়ীর সংখ্যা বাড়ছে --------- হাসানুল হক ইনু

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:০৯
আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দেশে ধূমপায়ীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রশাসনের অনেক কর্মকর্তা ঠিকমতো আইনটি বোঝেন না আবার কিভাবে তা কার্যকর হবে তাও জানেন না। এই না জানার দুর্বলতার ফাঁকে আইনটি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বাংলাদেশে তামাকের প্রভাব সংক্রান্ত জরিপ’ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেসরকারি সংস্থা ক্লিন এয়ার এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, ধূমপান থেকে সবাইকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন মানতে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া উঁচু স্তর থেকে নিম্ন স্তরের সিগারেটের দাম বৃদ্ধি করতে হবে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়কে অন্যদিকে ধূমপানে আগ্রহ হারাবে তরুণরা। সাংবাদিক সম্মেলনে ক্লিন এয়ার-এর আহ্বায়ক অরণ্য আনোয়ার, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম খোকন, ইকবাল আহম্মেদ উপস্থিত ছিলেন।