একটা যুগের অবসান মাচেরানো

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:২২
পেপ গার্দিওলার বিদায়ের পর থেকেই সেই অজেয় রূপটি যেন হারিয়ে ফেলেছে তারা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব হাতছাড়া হয়েছে আগেই। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে নিজেদের মাঠে ড্র করে গত শনিবার লা লিগার শিরোপাও হাতছাড়া করলো বার্সেলোনা। আর কাতালানদের এই শিরোপা সমর্পণকে একটা যুগের অবসান বলেই আখ্যায়িত করেছেন দলের তারকা ডিফেন্ডার হ্যাভিয়ের মাচেরানো। পাসের পর পাস। আক্রমণের পর আক্রমণে বিধ্বস্ত প্রতিপক্ষ। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল বাদে গত কয়েক বছর ধরেই বার্সেলোনা খেলার কথা ভাবলে ভেসে ওঠে এই দৃশ্যই। সেই বার্সেলোনাকেই এবার মৌসুম কাটাতে হলো শিরোপাহীনভাবে। কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে সেই হতাশা যাত্রার শুরু। এরপর অ্যাটলেটিকোর কাছে কোয়ার্টার ফাইনাল হারে বিদায় নিতে হয় চ্যাম্পিয়ন্স লিগ থেকেও। এবার লিগ শিরোপা খোয়ানো। শুধু তাই নয়, মাত্র এক মৌসুম শেষেই ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে কোচের পদ ছেড়েছেন জেরার্ডো মার্টিনো। সব মিলে এটাকে ব্যর্থতার এক চক্র বলেই মনে হচ্ছে মাচেরানোর কাছে। এই আর্জেন্টাইন বলেন, ‘আমরা জিততে পারতাম। আমাদের সামনে সুযোগ ছিল সবকিছু ভেঙ্গে সামনে এগিয়ে যাবার। এই মৌসুমে আমরা সেরা থেকে অনেকটা দূরে ছিলাম। এখন সময় নতুন সিদ্ধান্ত নেবার। আমিও যুক্ত ছিলাম সেই চক্রের সঙ্গে। তবে এটা যে ব্যর্থতার একটা চক্র ছিল সন্দেহ নেই।’ তবে এই ব্যর্থতাকে জীবনের অংশ বলেই মেনে নিচ্ছেন মাচেরানো। যদিও গত পাঁচ বছরে বিশাল সাফল্যের পর এই ব্যর্থতাকে এড়াতে সর্বোচ্চ চেষ্টাই করেছিলেন বলে দাবী করলেন তিনি, ‘গত পাঁচ বছরে আমরা যে অভিজ্ঞতার মধ্যদিয়ে গিয়েছি সেটা কারো পক্ষেই অর্জন করা সম্ভব নয়। অবিশ্বাস্য ছিল সেটা। আমরা চেয়েছি সেটার শেষ যেন না হয়। তবে জীবনের নিচু দিকগুলোও আপনার দেখতে হবে।’