রোলা গ্যারোয় থাকছেন না আজারেঙ্কা

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:২৩
ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে খেলবেন না বিশ্বের সাবেক এক নম্বর তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। পায়ের পাতার ইনজুরি থেকে সুস্থ হয়ে না ওঠায় সোমবার ফরাসী ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন তিনি। দুই বারের অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন ২৪ বছর বয়সী আজারেঙ্কা তার টুইটারে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এবছর আমি রোলা গ্যারোতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না। সুস্থ হয়ে উঠতে এবং খেলায় ফিরতে আমি কঠোর পরিশ্রম করছি।’ গত মার্চের প্রথম সপ্তাহে ইন্ডিয়ান ওয়েলসে লরেন ডেভিস টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পরাজয়ের পর থেকে মাঠের বাইরে থাকা বেলারুশের এ সুন্দরী স্বাভাবিকভাবেই ফেভারিট সেরেনা উইলিয়ামসের অন্যতম প্রধান প্রতিপক্ষ হতেন। একই ইনজুরির কারণে ফরাসি ওপেনের প্রস্তুতি হিসেবে বিবেচিত মে মাসের মাদ্রিদ ও রোম টুর্নামেন্টেও অংশ নিতে পারেননি। আগামী ২৫ মে থেকে ৮ জুন পর্যন্ত চলবে বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম ফরাসি ওপেন।—বাসস