দেশের সকল ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে গাইবান্ধা শহরে ধানের বস্তা মাথায় নিয়ে বিক্ষোভ করেছে কৃষক ও ক্ষেতমজুররা। গত ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দেশব্যাপী ‘কৃষক বাঁচাও’ সপ্তাহ পালন উপলক্ষে সপ্তাহের শেষ দিন রবিবারে সিপিবি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদক মণ্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম, কৃষক তপন কুমার বর্মণ প্রমুখ।
বক্তারা বলেন, সরকার নিজেদের কৃষক বান্ধব বলে দাবি করছে। অথচ সারাদেশে কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পেয়ে দুঃখে, ক্ষোভে ধান পুড়িয়ে দিচ্ছে, রাস্তায় ছিটিয়ে দিচ্ছে। তখন সরকার নির্বিকার হয়ে বসে আছে।
আরও পড়ুন: ডাল কাটার টেন্ডারে গাছ কেটে সাবাড়
বক্তারা আরও বলেন, অবিলম্বে কৃষকদের কাছে থেকে ধান ক্রয় শুরু করা না হলে কৃষকদের সঙ্গে নিয়ে দেশব্যাপী হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা এবং সরকারকে কৃষকদের দাবি মানতে বাধ্য করা হবে।
ইত্তেফাক/অনি
