ধূমপান ছাড়তে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। একইসঙ্গে তামাকের ক্ষতিকর দিক ও এথেকে প্রতিকারের উপায় নিয়ে এবারের বাজেট অধিবেশনে আলোচনা করার জন্যও তিনি সংসদ সদস্যদের পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার সংসদ ভবনের শপথ কক্ষে ‘তামাকের ক্ষতিকর প্রভাব:বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক দুটি গবেষণাপত্র উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সেমিনারে অর্ধশতাধিক সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
সেমিনারে অর্থনীতিবিদ ড. আবুল বারকাত বলেন, প্রতি দশ শলাকা সিগারেটের ওপর ৩৪ টাকা একক কর এবং ২৫ শলাকা বিড়ির ওপর ৪ দশমিক নয় টাকা হারে কর বসালে বাড়তি ২ হাজার ২২০ কোটি টাকা রাজস্ব আয় হবে। যা দিয়ে প্রতি বছর ১২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা যায়। আর ৮ বছরে একটি করে পদ্মা সেতু নির্মাণ করা যাবে। তিনি বলেন, বিড়ির ওপর উচ্চহারে একক সম্পূরক শুল্ক আরোপ করা হলে বিড়ির মূল্য উল্লেখযোগ্য হারে বাড়বে এবং বিড়ি সেবনের হার কমবে।
অনুষ্ঠানে তামাক ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি তুলে ধরে ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো’র প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ মালিক বলেন, মানবদেহের জন্য বিভিন্ন ক্ষতিকর পদার্থ তামাকজাত দ্রব্যে বিদ্যমান। সিগারেটে প্রায় ৭ হাজারের বেশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে, যা বিভিন্ন রোগের সৃষ্টি করে। তিনি বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের ফলে ফুসফুসের ক্যান্সার, হূদরোগ, শ্বাস-প্রশ্বাসের সমস্যা, স্ট্রোক ও প্রজননে সমস্যা হয়। এছাড়াও শিশুদের অ্যাজমা, শ্বাস-প্রশ্বাসজনিত অসুখ, কানের অসুখসহ বিভিন্ন রোগ হয়। গর্ভবতী মহিলাদের বাচ্চার ক্ষতি হয় এবং কম ওজন ও অপরিণত বাচ্চার জন্ম হয় ধূমপানের কারণে।
হিউম্যান ডেভলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি), তামাক বিরোধী জোট, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস- এর সহযোগিতায় সংসদ সচিবালয় এই আলোচনার আয়োজন করে। সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, শামসুল হক টুকু, ডা. রুস্তম আলী ফরাজী এমপি প্রমুখ।
স্পিকারকে জাপান সফরের আমন্ত্রণ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। গতকাল বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা স্পিকারের হাতে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র তুলে দেন।
