জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দায়েরকৃত রিট আবেদনের ওপর মঙ্গলবার শুনানি শেষ হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ আগামী রবিবার এ আবেদনের ওপর আদেশ দেবেন। গত ১২ মে এই দুটি মামলার বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া।
গতকাল আবেদনের পক্ষে এ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে এ্যাডভোকেট খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানিকালে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ, এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এ মামলার বিচার কার্যক্রম চলছিলো। আজ বুধবার মামলা দুটিতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। তবে দুটি রিট আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় খালেদা জিয়ার আইনজীবীরা সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দেয়ার জন্য বিচারিক আদালতে আবেদন জানাবেন বলে জানা গেছে। উল্লেখ্য, এই মামলায় নিরাপত্তার দিক বিবেচনায় নিয়ে বিশেষ জজ আদালত-৩ বসবে ঢাকার বকসিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত ভবনে।
