দেশের জন্য বড় চ্যালেঞ্জ জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক উষ্ণতা -শিল্পমন্ত্রী

আপডেট : ২০ মে ২০১৪, ২২:০৪
বাংলাদেশের জন্য এখন জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক উষ্ণতা একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভৌগলিক কারণেই বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির কেন্দ্রে পরিণত হতে পারে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার কৌশল নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন। ডেনমার্ক ও সুইডেন দূতাবাস আয়োজিত এই অনুষ্ঠানে ডেনমার্কের কমার্শিয়াল কাউন্সিলর এনেতে সেনেডগার্ড ক্লাস্কজেট সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আরো বক্তব্য রাখেন সুইডিশ রাষ্ট্রদূত এনিয়েল লিন্ডাল কেনি। বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, গ্রিনহাউজের প্রভাবের জন্য বাংলাদেশ দায়ী নয়। কিন্তু এজন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ আমরা। এজন্য উন্নত দেশগুলোর উচিত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত হানে ফুগল স্কেজার বলেন, বিশ্বের ১১টি উদীয়মান অর্থনৈতিক শক্তির মধ্যে বাংলাদেশকেও বিবেচনা করা হয়। অনুষ্ঠানে স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহের ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নেন। ডেনমার্ক ও সুইডেনের একটি ব্যবসায়িক গ্রুপ নিয়ে গঠিত হয়েছে নরডিক গ্রিনগ্রোথ ডেলিগেশন।