পঞ্চমবারের মত বিশ্বকাপ খেলতে যাচ্ছে জাপান। আর পরিসংখ্যান বলছে বিশ্বকাপে কোনবারই পারফরম্যান্সটা খুব খারাপ ছিল না এশিয়ান দলটির। শেষ ষোলর আগে কখনওই থেমে যেতে হয়নি দলটিকে। এবারের বিশ্বকাপে নিজেদের আরও এগিয়ে নিয়ে যেতে চায় জাপানিরা।
তাহলে বিশ্বকাপে জাপানের লক্ষ্য কি? কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল? না, বিশ্বকাপ জয়েরই পরিকল্পনা করছে দলটি। এমন কথাই জানালেন দলটির রক্ষণভাগের খেলোয়াড় ইউতো নাগাতোমো। জানালেন, ব্রাজিলে বিশ্বকে চমকে দিতে পারে জাপানিরা।
১৩ জুলাই রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের ফাইনালে বিশ্বকাপ ট্রফি তুলে ধরার স্বপ্নে মাতোয়ারা নাগাতোমো জাপানের স্থানীয় একটা সংবাদ সংস্থাকে বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে খেলছি। জাতীয় পতাকার প্রতিনিধিত্ব করছি। আর কখনওই আমি চাইবো না বিশ্বকাপের বোঝা হয়ে থাকতে। বিশ্বকাপে গিয়ে কেবল হার নিয়ে কথা বলতে আমরা ব্রাজিলে যাচ্ছি না। আমরাও বিশ্ব জয়ের স্বপ্নই দেখছি। আমরা এমন কিছু করতে চাই যাতে গোটা বিশ্বের মানুষ আমাদের মনে রাখে এবং বছরের পর বছর এই ব্যাপারে সবাই কথা বলে।
‘সি’ গ্রুপের লড়াইয়ে জাপানের প্রথম পরীক্ষা আইভোরি কোস্ট। রেসিফে আগামী ১৪ জুনের সেই লড়াইয়ের পর তাদের মুখোমুখি হতে হবে গ্রিস ও কলোম্বিয়ার বিপক্ষে। প্রথম পর্ব কোন ক্রমে পার করা গেলেও শেষ ষোলতে জাপানের জন্য পরীক্ষাটা হয়ে উঠবে আরও কঠিন। সেখানে তাদের মুখোমুখি হতে হবে ইতালি, উরুগুয়ে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে।
এগিয়ে যেতে হলে দ্বিতীয় রাউন্ড থেকেই চমক দেখাতে হবে জাপানকে!
