জেরার্ডো মার্টিনোর উত্তরসুরী হিসেবে বার্সেলোনা কোচের নতুন দায়িত্ব পেয়েছেন ক্লাবের কিংবদন্তী খেলোয়াড় এবং যুব দলের সাবেক কোচ লুইস এনরিক। শিরোপা বিহীন একটি মৌসুম কাটানোর পরে মার্টিনোর স্থানে নতুন কোচের নিয়োগ দিতে বাধ্য হয় বার্সা কর্তৃপক্ষ। গত সোমবার রাতেই নতুন কোচ হিসাবে ঘোষণা করা হয় সদ্য শেষ হওয়া মৌসুমে সেল্টা ভিগোর কোচের দায়িত্ব পালন করা এনরিকের নাম। যদিও কাতালানদের কোচ হিসাবে মার্টিনোর মৌসুম জুড়ে বাজে ফলের পর তার উত্তরসুরী হিসাবে এনরিকের স্থলাভিষিক্ত হওয়ার কথা শোনা যাচ্ছিল কয়েক দিন ধরেই।
১৯৯৬ সালে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দেবার পর সেখানে ক্যারিয়ারের সর্বশেষ আট বছর খেলেছেন ৪৪ বছর বয়সী এনরিক। এই সময়ে ২০৭টি ম্যাচে তিনি ৭৩টি গোল করেছেন। জিতেছেন উয়েফা উইনার্স কাপ, উয়েফা সুপার কাপ, দুইটি লা লিগা শিরোপা, দুইটি লিগ কাপ এবং একটি স্প্যানিশ সুপার কাপ। তবে লুইস ফিগো থেকে শুরু করে বর্তমান দলের জাভি হার্নান্দেজদের এক সময়ের সতীর্থ এনরিকের ক্লাব কিংবদন্তী হবার রহস্য তার এই সাফল্য নয়। বরং রিয়ালে ক্যারিয়ারের দারুণ পাঁচটি বছর কাটানোর পরও বার্সেলোনায় যোগ দিয়েই সমর্থকদের মনে স্থায়ী আসন দখল করেন তিনি। বার্সেলোনায় খেলোয়াড় হিসাবে অবসরের পর ২০০৮ সালে তিনি যোগ দেন বার্সেলোনার বি দলের কোচ হিসেবে। খেলোয়াড়ি জীবনের মতোই এখানেও সাফল্য ধরা দেয় দ্রুতই। দীর্ঘ দশ বছর পর তার অধীনেই লিগে ফেরে বার্সেলোনার বি দলটি। ২০১১ সালে সেই দায়িত্ব ছেড়ে দিয়ে যোগ দেন ইতালিয়ান জায়ান্ট রোমার প্রধান কোচ হিসাবে। সেখানে দুই বছর কাটানোর পর গত মৌসুমে স্পেনে ফেরেন সেল্টার দায়িত্ব নিয়ে।
সদ্য সমাপ্ত মৌসুমে মার্টিনোর নির্দেশনায় কাতালানদের বাজে ফর্মের ধারাবাহিকতায় মৌসুম শেষে কোচ পরিবর্তনের বিষয়টি অনেকটা নিশ্চিতই ছিল। আর নতুন কোচের তালিকায় এগিয়ে ছিলেন এনরিকই। গত ছয় বছরে এবারই প্রথম পুরো মৌসুমে কোন শিরোপা পায়নি বার্সেলোনা। আর তাই ২০১২-১৩ মৌসুমের শিরোপা ফিরিয়ে আনার লক্ষ্যে অনেকটা চ্যালেঞ্জই গ্রহণ করেছে কাতালান বোর্ড। আগামীকাল ক্লাবের সাথে ৪৪ বছর বয়সী এনরিকে আনুষ্ঠানিক দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন। এ সম্পর্কে ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘এফসি বার্সেলোনার পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে মূল দলের কোচ হিসেবে লুইস এনরিক মার্টিনেজকেই নিয়োগ দেয়া হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণের জন্য তিনি সবসময়ই সমর্থকদের পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন। একইসাথে বৈচিত্র্য, গোল করার ক্ষমতা, টেকনিক্যাল দক্ষতা তাকে দলের গুরুত্বপূর্ণ একজন সদস্যে পরিণত করেছিল।’
গত শনিবার ঘরের মাঠে ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে লীগের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে শিরোপা হাতছাড়া করেছে বার্সেলোনা। আর বার্সেলোনার হারানো শিরোপা ১৮ বছর পরে নিজেদের করে নিয়েছে অ্যাটলেটিকো।
