পেশাদার লিগ আবার মাঠে গড়াচ্ছে আজ

আবাহনীর প্রতিদ্বন্দ্বী শেখ রাসেল মোহামেডানের বিপক্ষ ব্রাদার্স

আপডেট : ২১ মে ২০১৪, ২২:২২
দুইদিন বিরতির পর আজ বৃহস্পতিবার আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র এবং মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের খেলা দুটি দিয়ে মাঠে গড়াচ্ছে নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। শিরোপা প্রত্যাশী আবাহনী এ খেলাটিতে জয়ের পাশাপাশি চাইবে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ জামাল যেন পয়েন্ট নষ্ট করে। তার আগে অবশ্য আবাহনীকে নিজেদের ম্যাচের পয়েন্টগুলো তুলে নিতে হবে। তাইলেই কেবল শিরোপা উঁকি দিতে পারে নীল হলুদ শিবিরে। এমনটাই মনে করছেন গতবারের তৃতীয় স্থান পাওয়া আবাহনীর ফুটবলাররা। কঠিন হলেও এটা যে অসম্ভব কিছু নয় তা বুঝতে পারছেন খেলোয়াড়রা কোচ কর্মকর্তারা। এই দলটির লক্ষ্য হচ্ছে আপাতত সামনের বাধাগুলো টপকে যাওয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বিকাল সাড়ে ৫টায় আবাহনীর ও শেখ রাসেল মুখোমুখি হবে। প্রথম পর্বে এই দুই দলের সাক্ষাতে কোনো দলই গোল করতে পারেনি। এবার দুই দল মরিয়া, জিততেই হবে। আবাহনী চায় শিরোপা দেখতে। আর ১৩ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা শেখ রাসেলের আপাত লক্ষ্য অবস্থান মজবুত করা। আবাহনীকে হারালে এক ধাপ উন্নতি হবে। তার পরও এটাই এখন ‘ট্রেবল জয়ী’ দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিগের প্রথম পর্বে শেখ রাসেল মাত্র তিন ম্যাচ জিতেছিল। দ্বিতীয় পর্বে অপেক্ষাকৃত দুর্বল উত্তর বারিধারা ক্লাবকে হারানো ছাড়া কোনো ম্যাচে তিন পয়েন্টের মুখ দেখেনি। শ্রীলংকায় প্রেসিডেন্ট কাপ ফুটবলের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া ছাড়া চলতি মৌসুমটা স্বস্তিতে কাটাতে পারছে না শেখ রাসেল। গত ম্যাচে আগে গোল করেও বিজেএমসির কাছে ২-১ ব্যবধানে হেরেছে শেখ রাসেল। হারের কারণ প্রসঙ্গে শেখ রাসেলের খেলোয়াড়রা বলেছেন তারা শ্রীলংকা থেকে ফিরে ক্লান্ত ছিলেন। আবাহনী প্রথম পর্বে পাঁচটি এবং দ্বিতীয় পর্বে চার ম্যাচে জিতেছে। ১৬ খেলায় ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী। গত ম্যাচে শেখ জামালের বিরুদ্ধে গোল শুন্য ড্র করে এক পয়েন্ট নিয়েছে দলটি। মোহামেডান ও ব্রাদার্সের মধ্যকার দিনের অপর খেলাটিতেও আজ কঠিন লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বেশি কিছু দিন ধরে পয়েন্ট টেবিলে দলদুটির মধ্যে লড়াই হচ্ছে। একবার মোহামেডান উপরে তো আরেক বার ব্রাদার্স। দুই দলের পয়েন্টও ২৬ করে। একটি ম্যাচ বেশি খেলেছে ব্রাদার্স। মোহামেডান আজ ব্রাদার্সকে হারিয়ে উপরে থাকার পথটা পরিষ্কার রাখতে চায়। ব্রাদার্সের জন্য দ্বিতীয় পর্বটা দারুণ কাটছে। সাত ম্যাচের মধ্যে একমাত্র শেখ জামালের কাছে হেরেছে। এছাড়া সব ম্যাচেই পয়েন্ট পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আর মোহামেডান দ্বিতীয় পর্বে ছয় ম্যাচে চারটিতে জিতেছে। প্রথম পর্বে মোহামেডান ও ব্রাদার্স ১-১ গোলে ড্র করেছিল। আজকের খেলা ঃ আবাহনী ঃ শেখ রাসেল এবং মোহামেডান ঃ ব্রাদার্স; ৫টা ৩০ ও ৭টা ৩০। পয়েন্ট টেবিল শেখ জামাল ১৬ ১১ ৫ ০ ৪২/১৪ ৩৮ আবাহনী ১৬ ৯ ৫ ২ ১৯/৮ ৩২ মোহামেডান ১৫ ৭ ৫ ৩ ১৭/১২ ২৬ ব্রাদার্স ১৬ ৭ ৫ ৪ ২৩/১৯ ২৬ মুক্তিযোদ্ধা ১৫ ৬ ৪ ৫ ২৬/১৬ ২২ বিজেএমসি ১৬ ৫ ৩ ৮ ২৫/২৯ ১৮ শেখ রাসেল ১৩ ৪ ৪ ৫ ১৮/১৩ ১৬ উত্তর বারিধারা ১৬ ২ ৫ ৯ ১৩/৪৬ ১১ সকার ক্লাব ১৫ ১ ৭ ৭ ১৪/২৪ ১০ চট্ট আবাহনী ১৬ ১ ৫ ১০ ৯/২৬ ৮