শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙ্গে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। সমিতির সহ-সভাপতি সাবেক ফুটবলার জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠ উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক সর্ব সাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। তারপরও অতি দুঃখের সাথে পরিলক্ষিত হচ্ছে- গত ১৮ মে ক্লাবের খেলোয়াড়দের ক্যাম্প ভেঙ্গে দেয়া হয়েছে।
ক্লাবটি দেশে-বিদেশের মাটিতে বর্তমান ও বিগত বছরগুলোতে বেশ সুনামের সাথে সাফল্য অর্জন করেছে। নেপালের পোখারা কাপ, ভারতের ১১৮তম আইএফএ শিল্ডসহ বিভিন্ন টুর্নামেন্টে ভালো ফল করেছে। বাংলাদেশের প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। প্রিমিয়ার লিগের বর্তমান রানার্স-আপ দল শেখ জামাল। এমন একটি ক্লাবের ক্যাম্প ভেঙ্গে দেয়ায় ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি নিন্দা জানাচ্ছে।
