প্রিমিয়ার হ্যান্ডবল লিগ আগামীকাল শুরু হবে, তবে এবারও রেলিগেশন থাকছে না। কেন থাকছে না এমন প্রশ্নে লিগ কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেছেন, ক্লাবগুলোর দাবি।’ ক্লাবের দাবিতে মাথা নত করে ৯ দল নিয়ে লিগ লড়াই হবে। ১৮তম প্রিমিয়ার হ্যান্ডবল লিগের পৃষ্ঠপোষকতা করছে কিউট। খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে।
ক্লাবগুলো বিদেশি খেলোয়াড় নিতে পারবে তিন জন করে। তিন জনই খেলাতে পারবেন। এর মধ্যে দেশে এসেছেন মাত্র একজন ভারতীয় খেলোয়াড়। গতকাল সন্ধ্যায় নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবের পক্ষে স্বাক্ষর করেছেন সমসের সিং। হ্যান্ডবল ফেডারেশন জানিয়েছে, এই একজন ছাড়া আর কোনো বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন হয়নি এখনো। অন্যান্য দলও বিদেশি খেলোয়াড় আনছে। ক্লাবগুলোর জন্য ফেডারশেন থেকে অর্থ দেয়া হয়েছে। গত বারের পয়েন্ট টেবিল অনুসারে মেনজিস ক্রীড়া চক্র ৩০ হাজার, নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ২০ হাজার, সূর্যোদয় ক্রীড়া চক্র ১৬ হাজার, মেরিনার ইয়াংস ক্লাব ১৫ হাজার, ওল্ড আইডিয়ালস ১৪ হাজার, ভ্রাতৃত্ব স ক স (বাংলা ক্লাব) ১৩ হাজার, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১২ হাজার, প্রাইম স্পোর্টিং ক্লাব ১১ হাজার, আরামবাগ ক্রীড়া সংঘ ১০ হাজার টাকা পাচ্ছে। দুই অর্ধ মিলিয়ে লিগের খেলা হবে ৬০ মিনিটের। ১০ মিনিট বিরতি। লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের সদস্য শেখ মারুফ হাসান।
