ধানসহ কৃষি পণ্যের লাভজনক দাম নিশ্চিত করতে অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষক সমিতি। এ লক্ষ্যে ২৫-৩১ মে উপজেলা ও ৮ জুন জেলায় জেলায় এবং কেন্দ্রীয়ভাবে মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার পুরানা পল্টনস্থ মুক্তিভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান।
বলা হয়, ইতিমধ্যে সরকার ধানের দাম মণ প্রতি ৮শ টাকা ও প্রতি কেজি চাল ৩১ টাকা নির্ধারণ করেছে কিন্তু দুর্ভাগ্য হল কৃষক এবারো ধানের লাভজনক দাম পাবে না। সার-ডিজেল-বীজ-কীটনাশক বিদ্যুতের দামও গতবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে। যা ধানের দাম বৃদ্ধির অনুপাতের চেয়ে বেশি। সুতরাং এবার কৃষকের ক্ষতির পরিমাণও বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সুকান্ত শফি চৌধুরী, আবিদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব প্রমুখ।
