এবার রেডমিট ভোজীদের জন্য সুসংবাদ!

আপডেট : ২২ মে ২০১৪, ২১:৫০
এতদিন ধরে রেডমিট বা লাল মাংস ভোজীদের জন্য বিপদ সংকেত দিয়ে আসছিলেন বিশেষজ্ঞগণ। আর এবার একদল অস্ট্রেলিয়ান গবেষক রেডমিট ভোজীদের জন্য সবুজ সংকেত দিলেন। গবেষকগণ বলছেন, রেডমিট ভোজীদের মানসিক অবসাদ বা ডিপ্রেশনের ঝুঁকি শতকরা ৫০ ভাগ কম। রেডমিট ভোজীদের জন্য এই সুখবরটি প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। আর এই গবেষণাটি পরিচালিত হয় অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ফেলিস জেফারের নেতৃত্বে। গবেষকদল এক হাজার অস্ট্রেলীয়ান নারীর ওপর গবেষণা চালান যারা নিয়মিত রেডমিট আহার করেন। গবেষকগণ গবেষণায় দেখেছেন যে সমস্ত মহিলাগণ নির্ধারিত পরিমাণের কম রেডমিট আহার করেছেন তাদের ডিপ্রেসিভ অথবা এ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত হবার ঝুঁকি দ্বিগুণ, যারা পরিমিত রেডমিট আহার করেন তাদের চেয়ে। অস্ট্রেলিয়ান সরকার ৬৫ থেকে ১০০ গ্রাম পর্যন্ত রেডমিট আহারের অনুমোদন দিয়েছে। তবে সপ্তাহে ৩/৪ বারের অধিক নয়। গবেষকগণ এটাও বলছেন, যারা অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি পরিমাণ রেডমিট আহার করেন তাদের মানসিক অবসাদ ও উদ্বেগ স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। তাই অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ দৈনিক ৭০ গ্রামের বেশি রেডমিট আহার না করার পরামর্শ দিয়েছে। তবে রেডমিট হতে হবে গ্রাসফেড রেডমিট বা যে সমস্ত প্রাণী যেমন- গরু, ভেড়া, ঘাস খেয়ে জীবন যাপন করে তার মাংস। তবে শুধু রেডমিট নয়, পাশাপাশি গবেষণায় অন্তর্ভুক্ত নারীদের আর্থ-সামাজিক অবস্থা, ফিজিক্যাল অ্যাকটিভিটি, ধূমপান, ওজন ও বয়সের প্রসঙ্গও গবেষণায় মূল্যায়ন করা হয়। তবে বিশেষজ্ঞগণ বলছেন, চিকেন, ফিস বা অন্যান্য প্রটিনের সঙ্গে মানসিক অবসাদের কোন সংশ্রব পাওয়া যায়নি। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ