ফাইনালে মেসিকে চান দানি আলভেস

আপডেট : ২২ মে ২০১৪, ২২:১৫
ব্রাজিলের উইং ব্যাক দানি আলভেস বিশ্বকাপ ফুটবলের ফাইনালে তার বার্সেলোনা সতীর্থ আর্জেন্টিনার লিওনেল মেসির মুখোমুখি হওয়ার আশা করছেন। তবে ৩১ বছর বয়সী খেলোয়াড়টি মানেন যে শুধু ফাইনালে ওঠাই শিরোপার স্বপ্নে ক্ষুধার্ত স্বাগতিকদের জন্য যথেষ্ঠ নয়। চলতি গ্রীষ্মে বিশ্বকাপের আয়োজক সেলেচাওদের লক্ষ্য ষষ্ঠবারের মত শিরোপা জয় এবং সেভিয়ার সাবেক এ খেলোয়াড় ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ও ক্লাব সতীর্থদের পাওয়ার আশা করছে। রিপোর্টারদের তিনি বলেন, ‘আমার স্বপ্ন ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল। আমি মেসির সঙ্গে কথা বলেছি এবং এটা কেবলমাত্র আমাদের নয়, তাদের জন্যও একটা স্বপ্ন। তবে আমার স্বপ্ন কেবল ফাইনালে পৌঁছা নয়, শিরোপাটাও জয় করা।’ কোচ লুইজ ফেলিপ স্কলারির দলে নিজের ব্রাজিল সতীর্থদের সঙ্গে একত্রিত হতে পেরেও আনন্দিত আলভেজ এবং শিরোপা জয়ের জন্য কঠোর পরিশ্রম করছেন তিনি। আলভেজ বলেন, ‘এসকল খেলোয়াড়ের সঙ্গে একত্রিত হওয়াটা অনেক বড় কিছু, অনেক সম্মানের এবং আমরা একত্রে সময় কাটানোর মধ্য দিয়ে বন্ধুত্বের বন্ধন গড়ে তুলছি; যা ব্যবধান গড়ে দেবে।’ তিনি আরো বলেন, ‘জাতীয় দলে আত্মবিশ্বাস ফিরে আসাটা গুরুত্বপূর্ণ এবং টুর্নামেন্ট শুরু হওয়ার জন্য আমাদের মধ্যে যে আকুলতা-আমি নিশ্চিত সেটা বিফলে যাবে না।’—বাসস