ফাইনালে খেলতে মরিয়া কস্তা

আপডেট : ২২ মে ২০১৪, ২২:১৮
দিয়েগো কস্তা আগামীকাল তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবেন, লিসবনের ফাইনালের মাত্র একদিন আগেও সেটা বিশ্বাস করার মতো খুব বেশি লোক পাওয়া যাবে না। কস্তার মেডিক্যাল সনদও বলছে তেমন কথাই। তবে, এই স্ট্রাইকার গতকাল বলেছেন, অ্যাটলেটিকো মাদ্রিদের ইতিহাস গড়ার হাতছানি যে ম্যাচে, সেখানে খেলার জন্য সম্ভাব্য যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি। নিজের সেরা অস্ত্রকে ব্যবহার করতে বদ্ধপরিকর দিয়েগো সিমিওনেও। অ্যাটলেটিকোকে লিগ জিতিয়ে সমর্থকদের কাছে রীতিমতো ক্লাব কিংবদন্তিতে পরিণত হওয়া সিমিওনে, কস্তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন বলেই জানিয়েছেন। সদ্য শেষ হওয়া লিগে ২৭ গোল করে অ্যাটলেটিকোকে দেড় যুগ পর শিরোপা জিততে সাহায্য করা কস্তা ছোটখাট চোটে ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই। তবে বার্সেলোনার বিরুদ্ধে শিরোপা নির্ধারণী শেষ ম্যাচেই আসে বড় আঘাতটি। চোটাক্রান্ত হয়ে তিনি মাঠে ছাড়েন খেলা শুরুর মাত্র ১৫ মিনিট পরেই। ফলে সন্দেহ সৃষ্টি হয় ভিসেন্তে দেল বস্কের বিশ্বকাপ দলের প্রধান স্ট্রাইকারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা নিয়ে। তবে অ্যাটলেটিকো সমর্থকদের প্রিয় এই তারকা ফাইনাল খেলেই প্রতিদান দিতে চান ভক্তদের সেই ভালবাসার। আর সিমিওনেও জানিয়ে দিয়েছেন ব্রাজিলের বদলে স্পেন জাতীয় দলের জার্সিকে বেছে নেয়া এই স্ট্রাইকারকে খেলানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। এদিকে, ফাইনালে অ্যাটলেটিকো ফেভারিট থাকবে বলে রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোস যা বলেছেন, সেটাকে নিতান্ত মানসিক কৌশল বলে উড়িয়ে দিয়েছেন অ্যাটলেটিকোর জুয়াফ্রান তোরেস। বরং, কালকের ফাইনালে কেউ ফেভারিট নয় বলে মনে করছেন এই ডিফেন্ডার। তোরেস বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না রামোস গতকাল যা বলেছেন। তারা আসলে আমাদের সাথে একটা খেলা খেলতে চাইবে। আমি তাকে চিনি। আমি তার সাথে একই ড্রেসিংরুমে ছিলাম এবং আমাদের সম্পর্কটাও দারুণ। তবে আমার মনে হয় না সে যা বলেছে সেটা সে নিজে বিশ্বাস করে! তারা আসলে চাইছে, আমরা যেন ভাবি আমরাই সেরা। তবে সেটা হচ্ছে না।’ লিগে দু’দলের দীর্ঘদিনের চেনাজানা ফাইনালে দু’দলকে শক্তিমত্তার দিক থেকে পাশাপাশি অবস্থানে রাখবে বলেও মন্তব্য করেছেন তিনি, ‘ফাইনালে দু’দলের সম্ভাবনাই ৫০-৫০। কোন ফেভারিট নেই এখানে। আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী হবার কোন সুযোগ নেই।’ গত বছরের কোপা দেল রে ফাইনালের উদাহরণ টেনে টোরেস আরো বলেন, ‘ঐ ফাইনালের আগে রিয়ালকে শক্তিশালী দল বলে গণ্য করা হচ্ছিল। যদিও, আমার মনে হচ্ছিল না কেউ কারো চাইতে এগিয়ে আছে। আমরা ঐ ফাইনালের দলটাই আছি। তবে এই দলটা আরো বেশি পরিপক্ক। আমার বিশ্বাস এবারও আমরা একই ফল নিয়ে মাঠ ছাড়বো।’ মার্কা অবলম্বনে।