দায়িত্ব ছাড়লেন লেনন

আপডেট : ২২ মে ২০১৪, ২২:১৯
স্কটল্যান্ডের ফুটবল ক্লাব সেলটিকের কোচের পদ ছাড়লেন নেইল লেনন। চার বছর সফলভাবে সেলটিকের কোচের দায়িত্ব পালনের পর গতকাল লেনন দায়িত্ব ছেড়ে দেন। আর এই পদত্যাগের কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার ইচ্ছার বিষয়টি। উত্তর আয়ারল্যান্ডে জন্ম নেয়া এই কোচ বলেন, ‘আমি সেলটিকের সঙ্গে আমার সম্পর্কছেদ করেছি। এই মুহূর্তে ক্লাব খুবই শক্ত অবস্থায় আছে। আমি ক্লাব এবং সমর্থকদের দারুণ একটা ভবিষ্যত্ কামনা করছি।’ চার বছরের সেলটিক অধ্যায়ে সহযোগিতার জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান এই ৪২ বছর বয়সী। লেননের অধীনে স্কটিশ জায়ান্টরা তিনটি লিগের পাশাপাশি জেতে দুটি কাপ ট্রফিও। তবে লেননের বড় সাফল্য মানা হয় বার্সেলোনাকে পরাস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের ২০১২ আসরের কোয়ার্টার ফাইনালে খেলতে পারাকে। বাসস/বিবিসি।