ধূমপান, মদ্যপান ও যৌনতাকে ‘না’!

আপডেট : ২২ মে ২০১৪, ২২:১৯
টুর্নামেন্ট চলা অবস্থায় খেলোয়াড়দের যৌন জীবন ও অন্যান্য অভ্যাসে নিষেধাজ্ঞা দেয়া নিয়ে বিতর্ক এ যাবত্ কম হয়নি। আবার সেই বিতর্কটা সম্ভবত উস্কে দিতে যাচ্ছেন মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ চলা অবস্থায় দলের কেউ ধূমপান, মদ্যপান করতে পারবে না; এমনকি স্ত্রী বা বান্ধবীকেও নিয়ে যেতে পারবেন না বিশ্বকাপ সফরে। হেরেরার এই নিষেধাজ্ঞা নিয়ে নিজের মধ্যে বিন্দুমাত্র সংশয় নেই। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ‘না, কেউ পারবে না। কোনো খেলোয়াড় যদি এক মাস বা ২০ দিন এসব বাদ দিয়ে চলতে না পারে, তাহলে তো সে পেশাদার ফুটবলারই না। আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, পার্টি করতে যাচ্ছি না।’ তারপর নিজের খেলোয়াড়দের ওপর বিশ্বাসও রেখেছেন, ‘আমি যেসব খেলোয়াড়কে দলে নিয়েছি, তারা সবাই আমার সঙ্গে একমত। তারা এসব নিয়ে ভাবিত না। আমরা ফুটবল নিয়ে ভাবছি, এই সব ব্যাপার নিয়ে নয়।’ হেরেরা তার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, জাতীয় দলে এসব নিষেধাজ্ঞা থাকাটাই জরুরী, ‘ক্লাবে আপনি সারা বছর থাকেন, ওখানে এক সপ্তাহ খারাপ করলে আবার ফেরার সুযোগ থাকে। এটা অল্প কয়েকটা দিনের একটা টানা খেলার সূচি। এখানে এক ম্যাচ হারলেও আর করার কিছু নেই।’