জায়গা হলো না ডনোভানের

আপডেট : ২৩ মে ২০১৪, ২১:৪৯
তাকে বলা হয় মার্কিন ফুটবলের ‘আইকন’। এই ফুটবল বিমুখ দেশটির প্রথম আন্তর্জাতিক খ্যাতি পাওয়া ফুটবলারও তিনি। দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, সাবেক অধিনায়ক এই ল্যানডন ডনোভান। ফর্মে থাকুন আর নাই থাকুন; একটি দেশের ফুটবলের প্রতীক হয়ে ওঠা এই খেলোয়াড়টিকে চূড়ান্ত বিশ্বকাপ দল থেকে বাদ দেয়ায় তাই একরকম শোরগোলই পড়ে গেছে। এই শোরগোল পড়বে জেনে নিয়েই ডনোভানকে যুক্তরাষ্ট্রের ২৩ সদস্যের বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। ২০০২ সাল থেকে টানা তিনটি বিশ্বকাপ খেলা ডনোভান যুক্তরাষ্ট্রের হয়ে ১৫২টি ম্যাচে ৫৭টি গোল করেছেন। ক্লাব ক্যারিয়ারে এভারটন, বায়ার লেভারকুসেন, বায়ার্ন মিউনিখের মতো দলে খেলেছেন। তবে ক্লাবের হয়ে সময়টা এখন মোটেও ভালো যাচ্ছে না। অবশ্য সর্বশেষ গত গ্রীষ্মে গোল্ডকাপ টুর্নামেন্টে দলে রেখেছিলেন তাকে ক্লিন্সমান। সেখানে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। তারপরও তাকে বাদ দেয়াটা তাই চমক হয়ে এসেছে। অবশ্য ক্লিন্সমান শুধু ফর্মের কারণে নয়, দল থেকে এমনিতেই তিরিশোর্ধ্ব খেলোয়াড় প্রায় সব ঝেড়ে ফেলেছেন। টিম হাওয়ার্ড, মাইকেল ব্র্যাডলি, ক্লিন্ট ডেম্পসি ছাড়া তেমন পরিচিত মুখ দলে আর নেই। যুক্তরাষ্ট্র দল : গোলরক্ষক: ব্র্যাড গুজান (অ্যাস্টন ভিলা), টিম হাওয়ার্ড (এভারটন), নিক রিমানডো (রিয়াল সল্ট লেক)। ডিফেন্ডার: ডা’মারকাস বিসলি (পিউবলা), ম্যাট বেসলার (স্পোর্টিং কানাস সিটি), জন ব্রুকস (হার্থা বার্লিন), জিওফ ক্যামেরন (স্টোক সিটি), টিমি চান্ডলার (নুর্নবার্গ), ওমার গনজালেস (এলএ গ্যালাক্সি), ফ্যাবিয়ান জনসন (বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখ), ডি’আন্দ্রে ইয়েডলিন (সিয়াটল সাউন্ডার্স) মিডফিল্ডার: কাইল বেকারম্যান (রিয়াল সল্ট লেক), আলেজান্দ্রো বেদোয়া (নানটেস), মাইকেল ব্র্যাডলি (টরোন্টো এফসি), ব্র্যাড ডেভিস (হসটন ডায়নামো), মিক্স ডিসকারউড (রোসেনবর্গ), জুলিয়ান গ্রিন (বায়ার্ন মিউনিখ), জার্মেই জোনস (বেসিকটাস), গ্রাহাম জুসি (স্পোর্টিং কানাস সিটি) ফরওয়ার্ড: জজি আলটিডোর (সানদারল্যান্ড), ক্লিন্ট ডেম্পসি (সিয়াটল সাউন্ডার্স), অ্যারন জোহানসন (এজেড আলকমার), ক্রিস ওন্ডোলোস্কি (সান হোসে আর্থকোয়েকস)।