সারোয়ার ইমরানই শুরু করবেন অনুশীলন ক্যাম্প

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:২৩
প্রাথমিক দল মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, এনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, জিয়াউর রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানি, সোহাগ গাজী, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম ও সাব্বির রহমান। চান্দিকা হাতুরুসিংহে জুনের শুরুতে আসতে না পারলে সারোয়ার ইমরানকেই ভারতের বিপক্ষে সিরিজে জাতীয় দল সামলাতে হতো। সেটা এখন আর দরকার হচ্ছে না; জুনের ১০ তারিখে চলে আসছেন নতুন কোচ। তবে সে পর্যন্ত জাতীয় দলকে অনুশীলন করানো, প্রস্তুতি নেয়ানোর ব্যাপার আছে। তাই বাংলাদেশের অভিষেক টেস্টের কোচ সারোয়ার ইমরানের অধীনেই শুরু হতে যাচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। সোমবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমদের এই ক্যাম্প শুরু হবে। ক্যাম্পের জন্য গতকাল ৩০ সদস্যের প্রাথমিক দলের নামও ঘোষণা করা হয়েছে। দলের বেশিরভাগই অবশ্য ক্যাম্পের শুরু থেকে থাকতে পারবেন না। সাকিব আল হাসান আইপিএলে খেলছেন। এ ছাড়া এই দলের এক ঝাঁক খেলোয়াড় ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছেন। তারপরও যারা আছেন, তাদের নিয়ে ক্যাম্প শুরু করবেন সারোয়ার ইমরান। ইমরানকে অবশ্য এই ক্যাম্প পরিচালনার বাইরেও একটা ভূমিকাতেই জাতীয় দলে আবারও যুক্ত করা হচ্ছে। গতকাল এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান জানালেন, সারোয়ার ইমরানকে অন্তত ভারত সফরের জন্য জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৩ জুন বাংলাদেশে আসবে ভারত। ১৫, ১৭, ১৯ জুন তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।