খেলোয়াড় হিসাবে অ্যাটলেটিকো মাদ্রিদে তার অর্জনই ক্লাবের ইতিহাসের অন্যতম বড় তারকা করে রেখেছে তাকে। আর গত সপ্তাহে বার্সেলোনাকে তাদেরই মাঠে রুখে দিয়ে অ্যাটলেটিকোকে দেড় যুগ পর লিগ শিরোপা এনে দিয়ে দিয়েগো সিমিওনে অংশ হয়ে গেছেন ক্লাবের ইতিহাসেরই। তবে শুধু ক্লাবের ইতিহাসে নয়, ক্লাব ফুটবলের ইতিহাসেই নিজের নামকে চিরস্থায়ী করে ফেলার দারুণ একটা সুযোগ আজ পাচ্ছেন এই আর্জেন্টাইন। লিসবনে রিয়াল মাদ্রিদকে আজ হারাতে পারলেই একই মৌসুমে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্রথম দক্ষিণ আমেরিকান কোচ হয়ে যাবেন তিনি। আর চ্যাম্পিয়ন্স লিগ জেতা তৃতীয় দক্ষিণ আমেরিকান কোচ। তবে লাতিন কোচদের সেই দুটি সাফল্যের পর পেরিয়ে গেছে বহু বছর। রিয়াল মাদ্রিদকে তখনকার ইউরোপিয়ান কাপের তৃতীয় এবং চতুর্থ আসরে ১৯৫৮-৫৯ সালে জিতিয়েছিলেন লুইস কারনিগিলা। এরপর, ইন্টার মিলানকে ১৯৬৪-৬৫ সালে দু’বার শিরোপা জেতান আরেক আর্জেন্টাইন হেলেনিয়ো হেরেরা। তবে তাদের কেউই ঐ মৌসুমগুলোতে লিগ শিরোপা জেতাতে পারেননি দলকে। আজ নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারাতে পারলে স্বদেশি দুই আর্জেন্টাইনের কীর্তির পুনরাবৃত্তির পাশাপাশি সিমিওনে হবেন লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্রথম লাতিন কোচ।
