কাঞ্চন জেতালেন আরামবাগকে

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:২৫
আরামবাগ ক্রীড়া সংঘ কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে জিতেছে। গতকাল বিকালে অনুষ্ঠিত খেলায় আরামবাগ ২-১ গোলে হারায় অফিস দল অগ্রণী ব্যাংককে। তিনটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। বিজয়ী দলের আরিফ ৫৫ মিনিটে গোল করলেও ৭৫ মিনিটে অগ্রণী ব্যাংকের রাব্বী সমতা আনেন। ৮৮ মিনিটে জাতীয় দলের সাবেক স্ট্রাইকার অধিনায়ক রোকনুজ্জামান কাঞ্চনের গোলে আরামবাগ ম্যাচ জিতে। এনিয়ে ১৫ খেলায় আরামবাগের পয়েন্ট দাঁড়ালো ২০। সমান ম্যাচে অগ্রণী ব্যাংকের পয়েন্টও তাই। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রহমতগঞ্জ ১৪ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এই দলটি এরই মধ্যে পেশাদার লিগে উঠা নিশ্চিত করে ফেলেছে। বছর দুই আগে রহমতগঞ্জ পেশাদার লিগ থেকে অবনমন হয়ে যায়। পেছনে রয়েছে পুরনো ঢাকার আরেক দল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ১৩ খেলায় ফরাশগঞ্জ ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বাড্ডা জাগরণী সংসদ সবার নিচে। এই দলটির ১৩ খেলায় ৪ পয়েন্ট। এখন পর্যন্ত এক ম্যাচও জিতেনি বাড্ডা জাগরণী। বাড্ডা রেলিগেশনের পথে এটাই বলাই যায়।