এবারের ফেবারিট ব্রাজিল

আপডেট : ২৪ মে ২০১৪, ২২:১৫
গতকাল হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল উপলক্ষে আগেই লিসবন পৌঁছে গেছেন উয়েফার সভাপতি, সাবেক কিংবদন্তী ফুটবলার মিশেল প্লাতিনি। সেখানে অনেকগুলো সংবাদ মাধ্যমে সাক্ষাত্কার দিয়েছেন। তবে সবচেয়ে মজার আয়োজনটা করেছিল উয়েফা নিজেই। তারা নিজেদের ফেসবুক পেজে প্লাতিনির একটি সরাসরি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিল। সেখানে ফুটবল ভক্তদের প্রশ্নের জবাব দিয়েছেন প্লাতিনি। এই প্রশ্নোত্তর পর্বে উয়েফা, ফিফা থেকে শুরু করে বিশ্বকাপ; অনেক বিষয়ই এসেছে। মিশেল প্লাতিনির সেই প্রশ্নোত্তর পর্বের নির্বাচিত সংকলন: ফুটবলে বাজে সিদ্ধান্ত কমানোর জন্য ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত নেয়ার কোনো চিন্তা আছে আপনাদের? এটা খুব জটিল একটা প্রক্রিয়া। একটা ম্যাচে ২০০টা তথাকথিত বাজে সিদ্ধান্ত হতে পারে। তার প্রতিটা যদি রিপ্লে দেখে ওপরে বসে থাকা একজন রেফারিকে বিবেচনা করতে হয়, ম্যাচটা পাঁচ থেকে ছয় ঘণ্টাও লম্বা হয়ে যেতে পারে। আপনার দেখা সবচেয়ে রোমাঞ্চকর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কোনটা? চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মানেই সেটা রোমাঞ্চকর। তবে ২০০৫ সালের এসি মিলান ও লিভারপুলের ফাইনালটা খুব মনে দাগ কেটেছে। এটা বিস্ময়কর ছিল। আপনার কী মনে হয়, ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা গোলস্কোরার? এই মৌসুমে সে রেকর্ড ভেঙেছে; ফলে এই মৌসুমের জন্য সে সেরা। কিন্তু মনে রাখবেন এই চ্যাম্পিয়ন লিগ বা ইউরোপিয়ান কাপে আমরা রাউল, জার্ড মুলার, মেসির মতো গ্রেট স্কোরারদেরও দেখেছি। জাবি অলোনসো কার্ডের জন্য ফাইনাল খেলতে পারছেন না। আপনার কী মনে হয় না যে, এই নিয়মটা খুব নির্দয় খেলোয়াড়দের জন্য? হ্যা। আমরা ইউরোতে এই আইনটা বদলে ফেলেছি। সম্ভাব্য সেরা খেলোয়াড়রা ফাইনালে যাতে বাইরে বসে না থাকেন, সেটা নিশ্চিত করা হয়েছে। এখন আমরা ভাবছি যে, কিভাবে এটা চ্যাম্পিয়ন্স লিগেও করা যায়। মিস্টার প্রেসিডেন্ট, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কী একবার ইউরোপের বাইরে হতে পারে না? ইউরোপের ক্লাবগুলোর সবচেয়ে বড় প্রতিযোগিতার পুরোটা ইউরোপেই হওয়া উচিত। আমি সভাপতি থাকা অবস্থায় ইউরোপের বাইরে ফাইনাল হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। উয়েফা প্রেসিডেন্ট হওয়ার সবচেয়ে খারাপ দিক কী? সারা বছর ফুটবল চলতে থাকে। একটা ন্যূনতম বিরতিও পাওয়া যায় না। প্রতিনিয়ত চ্যালেঞ্জ আসতে থাকে। আপনি জানবেনও না, পরের ধাক্কাটা কোন্ দিক থেকে আসছে। মেডেল নিতে আসা খেলোয়াড়দের মাথা ধরে কানে কানে কী বলেন? নির্ভর করে কাকে বলছি, তার ওপর এবং তার ও আমার মুডের ওপর। তবে বেশিরভাগ খেলোয়াড়কে আমি চিনি। সেভাবেই কিছু বলি। আর আমি তো ‘নম্বর টেন’; নম্বর টেনকে সবসময় কিছু না কিছু ইম্প্রোভাইজ করতে হয়। এই মুহূর্তে ইউরোপের সেরা তরুণ খেলোয়াড় কে? নির্ভর করে ‘তরুণ’ বলতে আপনি কী বোঝেন, তার ওপর। আমি তো অনেক অনেক রোমাঞ্চকর তরুণ খেলোয়াড় দেখি। এই মুহূর্তে হ্যাজার্ড ও পোগবার কথা মনে পড়ছে। ওরা ফ্রেঞ্চ বলতে পারে বলে বেশি ভালো লাগে! (হাসি) ফুটবলের বাইরে কী খেলা পছন্দ করেন? দেখতে ভালো লাগে রাগবি। আর খেলতে পছন্দ করি গলফ। তবে কেমন খেলি, সেটা গোপন তথ্য; বলা যাবে না। ২০১৪ বিশ্বকাপ কারা জিতবে? সবচেয়ে ফেবারিট তো ব্রাজিল। এমনিতেই তারা ফেবারিট। আর নিজেদের মাঠে খেলা বলে ওরা অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে। ফুটবলে গোললাইন টেকনোলজি কবে দেখা যাবে? এবার বিশ্বকাপেই তো দেখা যাওয়ার কথা। আর ইউরোতে আমরা ভাবছি। তবে ক্লাব পর্যায়ে এই প্রযুক্তি ব্যবহার করা খুব ব্যয়বহুল হয়ে যাবে। ফ্রান্সের সর্বকালের সেরা ফুটবলার কে? আপনি, নাকি জিদান? আমার দাদী বলে আমি সেরা। জিদানের দাদী বলে, জিদান সেরা। ফিফা সভাপতি বলেছেন, কাতারে বিশ্বকাপ দেয়াটা ভুল ছিল। আপনিও তাই মনে করেন? নাহ্। আমি নিজের অবস্থান থেকে সরবো কেন? আমি কাতারকে ভোট দিয়েছিলাম। সেটা সঠিক সিদ্ধান্ত ছিল। তখন কাতার দারুণভাবে পরিকল্পনা তুলে ধরেছিল। এখন সে পরিকল্পনা বাস্তবায়িত করার দায়িত্ব কাতারেরই। আপনি কী ফিফা সভাপতি পদে লড়বেন? ব্লাটার বলেছেন, তিনি আবার নির্বাচিত হতে চান। আমি এখনও জানি না। নিজে কিছু ঠিক করিনি। বিশ্বকাপ শেষ হলে এটা ঠিক করবো। আমার বিবেচনায় আছে ব্যাপারটা। ব্লাটার আবার নির্বাচিত হতে চাইলেন কি, না চাইলেন; তাতে আমার সিদ্ধান্ত বদলাবে না। এটা আমার ওপর নির্ভর করে। তবে এটাও ঠিক যে, আমি উয়েফাতে ভালোই আছি।