অদ্ভুতরূপেই আসছেন বালোতেল্লি

আপডেট : ২৪ মে ২০১৪, ২২:১৭
মারিও বালোতেল্লি একটা কাজ করবেন আর সেখানে অদ্ভুত কিছু থাকবে না তাই কি হয়? বিশ্বকাপেও হতে চলেছে ঠিক সেটাই। উদ্ভট সব কাণ্ডকারখানা করে প্রতিনিয়তই খবরের কাগজের শিরোনাম হওয়া এই ইতালিয়ান স্ট্রাইকারকে বিশ্বকাপে দেখা যাবে দুই পায়ে দুই রংয়ের বুট পরা অবস্থায়। তবে এই এসি মিলান স্ট্রাইকারের নিজের ইচ্ছায় হচ্ছে না সেটা। বিশ্ববিখ্যাত ক্রীড়া পণ্য নির্মাতা প্রতিষ্ঠান পুমার বিজ্ঞাপন হিসাবেই করা হচ্ছে এমনটা। বিশ্বকাপে বাম পায়ে নীল এবং ডান পায়ে গোলাপি বুট পরেই মাঠে নামবেন ‘সুপার মারিও’। যদিও পুমার প্রস্তাব শুনে প্রথমে নাকি চমকেই গিয়েছিলেন তিনিও। বালোতেল্লি বলেন, ‘সত্যি বলতে কি প্রথমে যখন আমি বুটগুলো দেখি, আমি ভেবেছিলাম পুমা বোধহয় পাগলই হয়ে গেছে। কিন্তু যখন আমি বুঝলাম সে (পুমার মালিক) পাগল হয়নি, ততক্ষণে আমি ব্যাপারটা নিয়ে উত্তেজিত হতে শুরু করেছি।’ কি শুনে পরে তার ভুল ভাঙ্গল? এমন প্রশ্নের জবাবে সাবেক ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার জানালেন এই বুটের মূল রহস্য। পুমার বিশ্বাস, দুই বুটের দুই রং বলবে খেলোয়াড়দের আত্মবিশ্বাসের কথা। তারা এমনই আত্মবিশ্বাসী থাকবেন যে বুটের দুই রংও টলাতে পারবে না তাদের আত্মবিশ্বাস। ফলে অবিশ্বাস্য কিছু উপহার দিতে পারবেন তিনি। বালোতেল্লি একা নন, স্পেন এবং আইভরি কোস্টের দুই তারকা সেস ফ্যাব্রেগাস এবং ইয়া তোরেকেও দেখা যাবে এই বিশেষ বুট পরতে। -ওয়েবসাইট