ফ্রেঞ্চ ওপেনের পুরুষ আর মহিলা বিভাগের চ্যাম্পিয়নদের তালিকায় কি অদ্ভূত এক বৈসাদৃশ্য। আটবার শিরোপা জেতা রাফায়েল নাদালের বাইরে একবার মাত্র শিরোপা জিতেছেন রজার ফেদেরার। আর মহিলা একক গত ছয়বারই দেখেছে ছয়জন নতুন চ্যাম্পিয়নকে। নতুন কোন চ্যাম্পিয়নের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না এবারও। তবে সামপ্রতিক ফর্ম শিরোপা প্রার্থীদের তালিকায় এগিয়ে রাখছে সেরেনা উইলিয়ামসকেই।
দুর্দান্ত ফর্মে থাকা মার্কিন তারকা সেরেনা উইলিয়ামসকে থামানো যে মোটেই সহজ কাজ নয় সেটা বুঝতে পারছেন তার প্রতিপক্ষরাও। এই টুর্নামেন্টকে সামনে রেখে তাই সেরেনার বিপক্ষে নিজেদের ভাল খেলার আত্মবিশ্বাস খুঁজতে এখন ব্যস্ত মহিলা টেনিস তারকারা। রুশ তারকা মারিয়া শারাপোভা মনে করছেন প্যারিসে তার সুখময় স্মৃতি কিছুটা সহযোগিতা করতে পারে। লি না কোচের কাছ থেকে অনুপ্রেরণা নেবার চেষ্টা করছেন। আর এ্যালিজ করনেট মনে করছেন স্বাগতিক সমর্থকরাই তার শক্তি।
প্যারিসে সম্ভবত সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবেই কোর্টে নামতে যাচ্ছেন সেরেনা। কিন্তু যিনি বিশ্বাস করেন বয়সই তার শক্তি, অভিজ্ঞতা দিয়ে তিনি নিজেকে ক্রমশই সামনে এগিয়ে নিচ্ছেন তার জন্য প্রতিপক্ষের তারুণ্য হয়তো বড় কোন সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। গত বছর প্যারিসে শিরোপা জেতার পরে তা ছিল ক্যারিয়ারের দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন শিরোপা।
এরপর বছরের শুরুতেই ব্রিসবেন এবং মায়ামিতে শিরোপা জিতলেও অস্ট্রেলিয়ান ওপেনে একটু আগে ভাগেই বিদায় নিতে হয়েছিল ৩২ বছর বয়সী সেরেনাকে। তবে গত সপ্তাহে রোমে শিরোপা জিতে আবারো ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই আমেরিকান। সব মিলে বলা যায়, প্যারিসে হট ফেভারিট হিসেবেই কোর্টে নামতে যাচ্ছেন র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকাটি।
