আগের দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খবরটা নিশ্চিত করেছিল। গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো, ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সারোয়ার ইমরান। সেই সঙ্গে আগামীকাল থেকে তার অধীনেই শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। জুনের শুরুতে প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহ যোগ দেয়ার আগ পর্যন্ত ইমরানই চালাবেন দায়িত্ব। তবে এর মধ্যে আরো একটা খবর বাতাসে গুঞ্জন হিসেবে ভাসতে শুরু করেছে। ভারত সিরিজের আগেই জাতীয় দলে বিশেষায়িত বোলিং কোচ যোগ দিয়ে ফেলবেন বলে অনেকটা নিশ্চিত বিসিবি। তাদের কোচ অনুসন্ধান কমিটি নতুন বোলিং কোচ একরকম ঠিক করে ফেলেছে বলেই জানা গেল। নামটা কেউ নিশ্চিত না করলেও সাবেক জিম্বাবুইয়ান ফাস্ট বোলার হিথ স্ট্রিকই দায়িত্বটা পেতে যাচ্ছেন, এমনই গুঞ্জন। তবে পাশাপাশি আলোচনায় আছেন শ্রীলঙ্কান সাবেক ফাস্ট বোলার চামিন্দা ভাসও।
