ফিফা বিশ্বকাপের স্কোয়াড থেকে যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ল্যান্ডন ডনোভানকে বাদ দেয়ার সপক্ষে যুক্তি দেখিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান। তিনি সোজাসুজি বলে দিয়েছেন যে ৩২ বছর বয়সী ওই স্ট্রাইকার যথেষ্ট উপযুক্ত নন।
তিনি বলেন,‘ দলের অন্য স্টাইকাররা তার চেয়ে অনেকখানিই এগিয়ে রয়েছে। আমরা মনে করেছি বিশ্বকাপে তাদের দিয়ে আমরা ডনোভানের চেয়ে বেশি এগিয়ে থাকতে পারব। এই কারণে ল্যান্ডনকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
জার্মানির সাবেক তারকা খেলোয়াড় ও বর্তমানে যুক্তরাষ্ট্র দলের কোচ ডনোভানের বয়স কিছুটা বেড়ে গেছে এবং যে কারণে তিনি পেনাল্টি বক্সে ওয়ান টু ওয়ান পজিশনেও গোল করতে ব্যর্থ হবার কথা উল্লে¬খ করেন। বয়স বাড়ার সাথে সাথে খেলোয়াড়দের অভিজ্ঞতাও বেড়ে যায় উল্লে¬খ করে জার্মান কোচটি বলেন, ‘তবে শারীরিক কারণে হলেও তিনি কিছুটা সামর্থ্য হারিয়ে ফেলেছেন।’ ক্লিন্সম্যান বলেন, আগের দুই বিশ্বকাপে তিনি (ডনোভান) দারুণভাবে দায়িত্ব পালন করেছেন। প্রয়োজনের সবটুকু কাজই তিনি যে সুচারুভাবে পালন করেছেন তাতে কোন দ্বিমত নেই। সেটি এত সহজ কাজ ছিল না। তবে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমেই এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। এখানে ব্যক্তি খেলোয়াড়ের বিপক্ষে কোন সিদ্ধান্ত হয়নি। এটি নেয়া হয়েছে অন্য সব খেলোয়াড়দের বিবেচনায় রেখে। আগের কয়েকদিন প্রশিক্ষণের দিকটি দেখে আমাদের বিচার বিশ্লেষণের মাধ্যমে মনে করি সময়ের বিবেচনায় এটিই সঠিক সিদ্ধান্ত। আগামী ১৬ জুন ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ক্লিন্সম্যানের দল যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যে ৩০ সদস্যের প্রাথমিক দলকে সংক্ষিপ্ত করে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড গঠন করেছেন। কোচ বলেন, ক্যাম্পে যোগ দেয়াদের মধ্য থেকে এই সংক্ষিপ্ত তালিকা করাটা বেশ কঠিন কাজ। আরো আট দশ দিন ঝুলিয়ে রাখলে দলের মধ্যে আরো বেশি নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা ছিল। এ সময় জটিলতা আরো বেড়ে যেত। এখন দলে যে ২৩ জন স্থান পেয়েছে তাদের মধ্যে অনুপ্রেরণা বেড়ে যাবে। আমরা এখন থেকেই বিশ্বকাপে ঘানার মোকাবেলার প্রস্তুতি নিতে পারব।’ -বাসস
