স্ট্রিনিচের বিশ্বকাপ শেষ

আপডেট : ২৪ মে ২০১৪, ২২:২১
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ক্রোয়েশিয়ার লেফট ব্যাক ইভান স্ট্রিনিচ। ক্রোয়েশিয়ান জাতীয় দলের কোচ নিকো কোভাক বিষয়টি নিশ্চিত করেছেন। এক সংবাদ সম্মেলনে কোভাচ দু:খ প্রকাশ করে বলেছেন, বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। এই ইনজুরির কারণে অস্ট্রিয়ায় অনুষ্ঠিতব্য অনুশীলন সেশনে যেতে পারছেন না স্ট্রিনিচ। পাশাপাশি অন্তত দশ দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে স্কোয়াডে রাখলেও তার ওপর ভরসা করা যাচ্ছে না। বাধ্য হয়েই আমাদের বিকল্প খুঁজতে হচ্ছে। দীর্ঘদিন সে জাতীয় দলের সাথে ছিল। তার বিশ্বকাপ খেলা হচ্ছে না ভেবে আমি সত্যিই দু:খিত। কিন্তু এক্ষেত্রে আমাদের অবশ্যই অন্য খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। যদিও লেফট ব্যাক পজিশনে আমাদের হাতে খুব বেশি খেলোয়াড় নেই। ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার ইউক্রেনিয়ান প্রথম বিভাগ দল দিনিপরো ডিনিপরোপারট্রোভাস্কের পক্ষে খেলে থাকেন। জাতীয় দলের হয়ে তিনি ৩২টি ম্যাচে অংশ নিয়েছেন এবং ইউরো ২০১২ দলের তিনি প্রথম পছন্দ ছিলেন। বিশ্বকাপের স্কোয়াডে লেফট ব্যাক পজিশনের জন্য এখন একমাত্র খেলোয়াড় হিসেবে থাকলেন ড্যানিয়েল প্রানজিচ। আইসল্যান্ডর বিপক্ষে গত নভেম্বরে বিশ্বকাপের পে¬ অফ ম্যাচে তিনি অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরে এসেছিলেন। স্ট্রিনিচের কারণে মূল একাদশে জায়গা না পাওয়া প্রানিজচ ২০১২ সালের সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার বুট তুলে রেখেছিলেন। অথচ সেই স্ট্রিনিচের জায়গায় তিনি আবার ফিরে আসলেন। আগামী ১২ জুন স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে গ্রুপ-এ’র প্রথম ম্যাচে সাও পাওলোতে মাঠে নামবে ক্রোয়েশিয়া। এরপর ১৮ জুন মানাসে ক্যামেরুনের এবং পাঁচদিন পরে রেসিফে মেক্সিকোর মোকাবেলা করবে।-বাসস।